Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:07 pm
অন্যান্য

নারীদের হেনস্থা আ.লীগের অতীত সহিংস রাজনীতিরই পুনরাবৃত্তি: আখতার হোসেন

নারীদের হেনস্থা আ.লীগের অতীত সহিংস রাজনীতিরই পুনরাবৃত্তি: আখতার হোসেন

Oplus_131072

মুক্তকাল ডেক্স:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে নির্বাচনী প্রচারণা জোরদার হলেও বিভিন্ন এলাকায় নারীদের হেনস্থার অভিযোগ উদ্বেগ সৃষ্টি করেছে। প্রচারণায় অংশ নেওয়া নারী কর্মীদের হিজাব খুলে নেওয়া, কটূক্তি ও অশালীন আচরণের খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে।
এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের প্রার্থী আখতার হোসেন বলেন,
“যারা নারীদের হেনস্থা করছে, তারা আওয়ামী লীগের অতীতের সহিংস ও ভয়ভীতির রাজনীতিরই পুনরাবৃত্তি করছে।”
বুধবার সকালে পীরগাছা উপজেলার তৈয়ব গ্রামে শাপলা কলি মার্কার উঠান বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই—নারীদের বিরুদ্ধে যেকোনো ধরনের নিপীড়ন আওয়ামী লীগের জঘন্য রাজনৈতিক ইতিহাসেরই ধারাবাহিকতা। ২০১৮ সালে নোয়াখালীর সুবর্ণচরে নৌকায় ভোট না দেওয়ার কারণে এক নারী ধর্ষণের শিকার হয়েছিলেন—সেই বিভীষিকাময় ঘটনার কথা জাতি ভুলে যায়নি। এমন ঘটনার পুনরাবৃত্তি আমরা আর দেখতে চাই না।
তিনি আরও বলেন, নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে গিয়ে নারীদের হেনস্থা করা মূলত সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতিকে আবারও প্রতিষ্ঠা করার চেষ্টা। এ ধরনের ঘটনায় জড়িত ব্যক্তির দলীয় পরিচয় যাই হোক না কেন, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সরকার ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও শঙ্কা প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, নির্বাচনের শুরু থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগের কথা নির্বাচন কমিশনকে জানিয়ে আসছি। সাম্প্রতিক সময়ে নারীদের পোশাক ও মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে, যা ভোটাধিকার ও ভোট চাইবার মৌলিক অধিকারের ওপর সরাসরি আঘাত।
ঢাকা-৮ আসনে ধারাবাহিক হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, নাছির উদ্দীন পাটোয়ারীর ওপর বারবার হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। একটি নির্দিষ্ট দলের কর্মীরা এসব হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি এবং এর তীব্র নিন্দা জানান।
আখতার হোসেন বলেন, নির্বাচনের সময় যে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার কথা বলা হয়েছিল, সাম্প্রতিক ঘটনাগুলো সেই প্রতিশ্রুতির বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছে। নারীদের হিজাব নিয়ে টানাহেঁচড়া ও ভোট প্রচারে বাধা দেওয়া গণতন্ত্রের পরিপন্থী। এসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসন ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ সময় স্থানীয় জামায়াতে ইসলামী ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement