মুক্তকাল ডেক্স:
দেশে যদি অপরাধীদের র্যাংকিং করা হয়, তাহলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস শীর্ষে থাকবেন—এমন মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার নিজ নির্বাচনি এলাকায় প্রচারণাকালে তিনি অভিযোগ করেন, ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর প্রভাব বিস্তার করে আসছেন। তার দাবি, হাবিবুল্লাহ বাহার কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও সিদ্ধেশ্বরী গার্লস কলেজের প্রশাসনিক বিষয়গুলো মির্জা আব্বাস নিয়ন্ত্রণ করেন, যা এলাকাবাসীর কাছে ‘ওপেন সিক্রেট’।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “মির্জা আব্বাসের কর্মকাণ্ড ও আমলনামা সম্পর্কে ঢাকা-৮ আসনের মানুষই নয়, দেশের মানুষও অবগত।” সম্প্রতি তার ওপর হামলার জন্যও তিনি মির্জা আব্বাসকে দায়ী করে তাকে ‘এক নম্বর অপরাধী’ হিসেবে আখ্যা দেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটিতে এমন একজন ব্যক্তিকে আশ্রয় দিয়েছেন, যিনি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।
এ সময় ঢাকা-৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের সমালোচনা করে নাসীরুদ্দীন বলেন, “মনোনয়ন পেতে আমরা কোনো চাঁদাবাজি বা দুর্নীতির আশ্রয় নিইনি। আমার বিরুদ্ধে এক টাকার দুর্নীতির অভিযোগও কেউ আনতে পারবে না।”
নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, তারা একটি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করছেন। একই সঙ্গে সতর্ক করে দিয়ে বলেন, “আমি ভদ্র মানুষ, কিন্তু ধৈর্যের সীমা আছে। গুন্ডাবাহিনী দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করলে সেটি ভুল হবে।”
অপরাধীদের তালিকায় মির্জা আব্বাস শীর্ষে থাকবেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
Oplus_131072




