মোহাম্মদ গোলাম মোস্তফা, বকশীগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা ও খামারিদের উদ্বুদ্ধকরণে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল হাই। তিনি বলেন,
“প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তি ও সচেতনতার মাধ্যমে এই খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। খামারিরা এগিয়ে এলে কর্মসংস্থান সৃষ্টি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম। তারা প্রাণিসম্পদ ও কৃষিখাতের সমন্বিত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. শাহরিয়ার মাহমুদ আরমান, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন। বক্তারা প্রাণিসম্পদ সপ্তাহের তাৎপর্য তুলে ধরে খামারিদের নিয়মিত টিকা প্রদান, উন্নত জাতের পশুপালন ও নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান জানান।
এসময় সফল খামারি শাহিন খান, ফিরোজ মিয়াসহ বিভিন্ন খামারি তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে সপ্তাহব্যাপী আয়োজিত প্রদর্শনীতে অংশগ্রহণকারী সফল খামারি ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। প্রদর্শনীতে গবাদিপশু, হাঁস-মুরগি পালন, আধুনিক খামার ব্যবস্থাপনা ও প্রযুক্তি নির্ভর উৎপাদন পদ্ধতি তুলে ধরা হয়, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খামারি, উদ্যোক্তা ও সুধীজনদের উপস্থিতিতে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।



