মুক্তকাল ডেক্স :
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার সকাল ৯টায় শুরু হয়েছে। ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পর সকাল সাড়ে ৯টার দিকে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ম্যানেজমেন্ট বিভাগের ২১৫ নম্বর কক্ষে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই ক্যাম্পাসজুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা দ্বিতীয় গেট দিয়ে নির্ধারিত পাস কার্ড প্রদর্শনের মাধ্যমে ক্যাম্পাসে প্রবেশ করেন। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের ২১টি পদে ১৫৭ জন এবং একমাত্র ছাত্রী হল সংসদের ১৩টি পদে ৩৩ জনসহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জন চূড়ান্ত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জকসু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৬৫ জন। নির্বাচনে চারটি প্যানেল অংশগ্রহণ করছে। প্যানেলগুলো হলো—ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, বাম জোট সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ এবং জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনে অংশ নিয়েছেন। ভিপি পদে ১২ জন, জিএস পদে ৯ জন এবং এজিএস পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়। পরে শিক্ষার্থীদের আন্দোলন ও বিক্ষোভের মুখে ৬ জানুয়ারি পুনরায় নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এসআই
ভোট দিলেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল




