মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় আমিনুল ইসলাম (৩৬) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৩ নং গুনারীতলা ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ওই এলাকার খলিলুর রহমানের ছেলে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূইয়া, এসআই আশরাফুল আলমসহ পুলিশের একটি টিম। এ সময় লাশ দেখতে ঘটনাস্থলে শত শত মানুষের ভিড় জমে।
নিহতের ছোট ভাই মমিন জানান, তার ভাই সহজ-সরল প্রকৃতির মানুষ ছিলেন এবং নিজে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেন। তবে কয়েক মাস ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসা করানো হলেও অবস্থার উন্নতি হয়নি। হঠাৎ করেই তিনি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।
নিহতের স্ত্রী মালেকা বেগম বলেন, “তার মাথার সমস্যা ছিল। প্রায় সব সময় ঘরের ভেতরেই থাকতেন। আমরা খুঁজতে খুঁজতে গিয়ে দেখি পাকাঘরের ভেতরে তিনি ফাঁস দিয়ে ঝুলে আছেন। পরে এলাকার লোকজন তাকে নিচে নামায়।”
স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন আয়না জানান, আমিনুল একজন সহজ-সরল মানুষ ছিলেন। কয়েক মাস ধরে মানসিক ভারসাম্য হারিয়ে তিনি ঘরেই অবস্থান করতেন। তার বিরুদ্ধে এলাকায় কোনো অভিযোগ ছিল না। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তরের বিষয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা হয়েছে।
এ বিষয়ে জামালপুর জেলা সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) জানান, গুনারীতলা ইউনিয়নে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি দীর্ঘ প্রায় ছয় মাস ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সুরতহাল প্রতিবেদন শেষে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।




