Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:27 am
অন্যান্য

নির্বাচনের পর সরকার গঠনের আগে বিএনপির সঙ্গে বৈঠকে বসার প্রত্যাশা: জামায়াত আমির

নির্বাচনের পর সরকার গঠনের আগে বিএনপির সঙ্গে বৈঠকে বসার প্রত্যাশা: জামায়াত আমির

Oplus_131072

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬
নির্বাচনের পর সরকার গঠনের আগেই বিএনপির সঙ্গে আলোচনায় বসার প্রত্যাশা ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দেশের স্বার্থে অতীতের মতো ভবিষ্যতেও বিএনপির সঙ্গে একসঙ্গে কাজ করার আকাঙ্ক্ষার কথাও জানান তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াত আমির। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন।
সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিংয়ে ডা. শফিকুর রহমান বলেন, বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে জাতির নেতৃত্ব দিয়েছেন। গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় তাঁর সংগ্রামী ভূমিকা জাতি চিরদিন স্মরণ করবে। তিনি বলেন, শেষ জীবনে তাঁর প্রতি যে অমানবিক আচরণ করা হয়েছে, তা দুঃখজনক।
জামায়াত আমির বলেন, গুরুতর অসুস্থ অবস্থায় বিদেশে চিকিৎসার অনুমতির জন্য বারবার অনুরোধ জানানো হলেও তৎকালীন সরকার তা আমলে নেয়নি। পরে চিকিৎসা নেওয়া সম্ভব হলেও ততদিনে তাঁর স্বাস্থ্যের অপূরণীয় ক্ষতি হয়ে যায়। আল্লাহ যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ইতিহাস সৃষ্টি করেছে। জাতি তাঁকে যে সম্মান জানিয়েছে, তা বিরল। এই বিদায় আমাদের অনুপ্রাণিত করে—জাতির জন্য কাজ করলে জাতিও ভালোবাসা দিয়ে তা স্মরণ রাখে।
ডা. শফিকুর রহমান বলেন, দেশ এখন একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়—সে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
তিনি জানান, দেশের স্থিতিশীলতা ও সুন্দর রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী পাঁচ বছরের জন্য সব দল একসঙ্গে বসে জাতির কল্যাণে চিন্তা করতে পারে কি না, সে বিষয়েও আলোচনা হয়েছে। নির্বাচনের পরপরই সরকার গঠনের আগেই খোলামনে আলোচনায় বসে জাতির জন্য সিদ্ধান্ত নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম খানসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে, খালেদা জিয়ার মৃত্যুর দিন ও জানাজায়ও জামায়াতের শীর্ষ নেতারা বিএনপির কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Advertisement
Advertisement