Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:03 pm
অন্যান্য

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা বদরুল আলম

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা বদরুল আলম

Oplus_131072

মাদারগঞ্জ প্রতিনিধি:
প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের অপসারিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য বদরুল আলম সরদার।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে তিনি শেষবারের মতো মায়ের জানাজায় অংশ নেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।
বদরুল আলম সরদার জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গুদাশিমুলিয়া এলাকার বাসিন্দা। তিনি চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের অপসারিত চেয়ারম্যান এবং মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য।
এর আগে বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১১টায় বদরুল আলমের মা মনোয়ারা বেগম ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। মায়ের মৃত্যুসংবাদ পেয়ে তিনি গভীরভাবে শোকাহত হন। শেষবারের মতো মায়ের মুখ দেখা এবং জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য পরিবারের মাধ্যমে তিনি জামালপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে প্যারোলে মুক্তির আবেদন করেন।
পরবর্তীতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইউসুফ আলী তাকে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেন। নির্ধারিত সময় অনুযায়ী পুলিশ পাহারায় তাকে নিজ এলাকায় নেওয়া হলে তিনি মায়ের জানাজা ও দাফনে অংশ নেন। সময় শেষ হলে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।
মাদারগঞ্জ মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, “বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে আওয়ামী লীগ নেতা বদরুল আলম সরদার তার মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পান। জানাজা শেষে পুলিশ পাহারায় তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।”
উল্লেখ্য, বদরুল আলম সরদারকে ২০২৫ সালের ২০ নভেম্বর সন্ধ্যায় ঢাকার অদূরে সাভার উপজেলার হেমায়েতপুর এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর প্রথমে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। পরে তাকে জামালপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়, যেখানে তিনি বর্তমানে বন্দি রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ঢাকার মিরপুরে একটি হত্যা মামলাসহ সাভার, গাজীপুর ও জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একাধিক মামলা রয়েছে। ৫ আগস্টের পর তিনি পলাতক থাকায় তাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়।

Advertisement
Advertisement