মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ ও বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সীমান্তবর্তী যমুনা নদী থেকে নিখোঁজের প্রায় ২৩ ঘণ্টা পর এক বাকপ্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (তারিখ) বেলা ১২টার দিকে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ আড়াই ঘণ্টার উদ্ধার অভিযানের পর জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল যমুনা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
নিহত শিশুর নাম আরিফ (৮)। সে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ধারাবর্ষা এলাকার কৃষক জাহাঙ্গীর আলমের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়ে আরিফ নিখোঁজ হয়।
সরেজমিনে দেখা যায়, লাশ উদ্ধারের পর স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
নিহত আরিফের দাদা ডা. আলমগীর হোসাইন বলেন, বাড়ি নদীর তীরবর্তী হওয়ায় আরিফ নিয়মিত নদীতে গোসল করত। সে বাকপ্রতিবন্ধী ছিল। বৃহস্পতিবার দুপুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে রাতে জামালপুর ফায়ার সার্ভিসে খবর দিলে শুক্রবার সকালে ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।
জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মো. সিদ্দুকুর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ধারাবর্ষা এলাকা থেকে যমুনার একটি শাখা নদীতে লাশ ভাসার খবর পাওয়া যায়। শুক্রবার সকাল ৯টায় উদ্ধার অভিযান শুরু করে স্থানীয়দের সহযোগিতায় জাল ফেলে আড়াই ঘণ্টা চেষ্টার পর শিশুটির লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মাদারগঞ্জ–সারিয়াকান্দি সীমান্তবর্তী যমুনা নদীতে নিখোঁজের ২৩ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার
Oplus_131072




