মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় স্ত্রীর দায়ের করা মামলায় জেল খাটার পরও ফের মামলা, হামলা ও হুমকির শিকার হওয়ার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে নয়, বরং স্বামীর পক্ষ থেকেই অভিযোগ করা হয়েছে স্ত্রীর বিরুদ্ধে।
অভিযোগকারী আহাদ আলী মন্ডল মাদারগঞ্জ উপজেলার ৩ নম্বর গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, ১৯৯৩ সালের ১২ অক্টোবর ইসলামী শরিয়াহ মোতাবেক পারিবারিক সম্মতিতে একই এলাকার আনছার আলী আকন্দের মেয়ে রোকসানা বেগমের সঙ্গে আহাদ আলী মন্ডলের বিয়ে হয়। দীর্ঘ ৩২ বছরের সংসার জীবনে তাদের চার সন্তানের জন্ম হয়। এর মধ্যে এক ছেলে ও তিন মেয়ে। দুই সন্তানের বিয়ে সম্পন্ন হয়েছে এবং ছোট মেয়ে বর্তমানে দাওরায়ে হাদিসে অধ্যয়নরত।
আহাদ আলীর অভিযোগ, প্রায় এক বছর আগে তার স্ত্রী রোকসানা বেগম বাড়ি ছেড়ে চলে যান এবং বর্তমানে মেলান্দহ উপজেলার নলছিয়া–খাশিমারা এলাকায় জাকিরুল ইসলাম নাসিম (উকিল) নামের এক ব্যক্তির মৎস্য খামারে কর্মচারী হিসেবে কাজ করছেন। তালাক ছাড়াই অন্য এলাকায় গিয়ে স্ত্রীর বসবাসের বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বলে জানান তিনি।
আহাদ আলী আরও বলেন, স্ত্রীকে ঘরে ফিরিয়ে সংসার করতে চাইলেও অন্যের প্ররোচনায় তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা হচ্ছে। এমনকি তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং জমি লিখে নেওয়ার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি দাবি করেন, “আমার স্ত্রী প্রায় ৯ মাস আগে বাড়ি ছেড়ে যায়। গত ৭–৮ মাস ধরে সে নাসিম উকিলের মাছ ও গরুর খামারে কাজ করছে। আমাদের মধ্যে কোনো তালাক হয়নি। এরপরও সে সেখানে কীভাবে থাকে, সেটাই আমার প্রশ্ন। আমি তাকে আনতে গেলে উল্টো আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়।”
আহাদ আলী আরও গুরুতর অভিযোগ করে বলেন, তার দ্বিতীয় ছেলে বিদেশে থাকা অবস্থায় স্ত্রীর পাঠানো কিছু ওষুধ সেবনের পর অসুস্থ হয়ে পড়ে। দেশে ফিরে চিকিৎসাধীন অবস্থায় ওই ছেলের মৃত্যু হয়। অর্থের লোভে ক্ষতিকর ওষুধ খাওয়ানোর মাধ্যমে ছেলেকে অসুস্থ করে তোলার অভিযোগও তিনি করেন। বর্তমানে সন্তানদের নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।
এ বিষয়ে অভিযুক্ত রোকসানা বেগমের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। একইভাবে জাকিরুল ইসলাম নাসিম উকিলের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
উল্লেখ্য, গত ১২ জুলাই ২০২৫ সালে জামালপুর বিজ্ঞ আদালতে দায়ের করা একটি নারী নির্যাতন মামলায় আহাদ আলী মন্ডল সাত দিন কারাভোগ করেন।
মাদারগঞ্জে স্ত্রীর মামলায় জেল খাটার পরও মামলা–হামলা ও হুমকির অভিযোগ
Oplus_131072




