মুক্তকাল ডেক্স:
জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনি জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা আজ বুধবার আসছে। বিকাল চারটার দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেওয়ার কথা রয়েছে। জামায়াতের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। তবে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত সংবাদ সম্মেলন বিষয়ে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আজ বুধবার সকালে আমন্ত্রণ পাঠানো হতে পারে।
এর আগে আসন সমঝোতা চূড়ান্ত করতে মঙ্গলবার দিনভর দফায় দফায় বৈঠক করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিসসহ জোটভুক্ত বিভিন্ন দল। এসব বৈঠকে অধিকাংশ দলের আসন বণ্টন চূড়ান্ত হলেও ইসলামী আন্দোলনের প্রাপ্ত আসন নিয়ে এখনো অসন্তোষ রয়ে গেছে বলে জানা গেছে। একই সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের কিছু বিষয়ে আলোচনা বাকি আছে। বুধবার দুপুরের আগেই আরেক দফা বৈঠকে এসব বিষয় নিষ্পত্তির পর সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
সূত্র জানায়, আসন সমঝোতা নিয়ে সবচেয়ে বেশি দরকষাকষি হয়েছে ইসলামী আন্দোলনের সঙ্গে। দলটির প্রত্যাশা ছিল ৭০টির বেশি আসন, তবে শেষ পর্যন্ত তাদের জন্য ৪৫টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। এ সংখ্যা নিয়ে দলটির মধ্যে অসন্তোষ থাকায় তারা শেষ পর্যন্ত সমঝোতায় থাকবে কিনা—সে বিষয়ে এখনো সিদ্ধান্তহীনতা রয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ জানান, বিষয়টি নিয়ে তাদের বৈঠক চলমান রয়েছে। তবে রাত সাড়ে ১২টা পর্যন্ত এ রিপোর্ট লেখা সময়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।
জামায়াত সূত্র জানায়, ইসলামী আন্দোলনসহ সব দলকেই বুধবারের সংবাদ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ইসলামী আন্দোলন সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবে কিনা—সে বিষয়ে দলটির পক্ষ থেকে কিছু নিশ্চিত করা হয়নি। তারা সমঝোতায় না থাকলেও বাকি দলগুলোর অংশগ্রহণে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে বলে জামায়াত নেতারা জানিয়েছেন।
এর আগে গত রোববার জামায়াতের সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে ৩০টি আসনে সমঝোতা চূড়ান্ত হয়। এছাড়া শেষ মুহূর্তের আলোচনায় বাংলাদেশ খেলাফত মজলিসকে ১৫টির বেশি আসন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। খেলাফত মজলিসকে ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি, এবি পার্টি ৩টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে ২টি আসন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। তবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), নেজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে কিনা—তা নিশ্চিত হওয়া যায়নি। সব মিলিয়ে জামায়াতের জন্য ১৮০টির বেশি আসনে সমঝোতা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
সমঝোতার সর্বশেষ অবস্থা সম্পর্কে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, মঙ্গলবারের বৈঠকে আসন সমঝোতার কাজ প্রায় শেষ হয়েছে। যে কয়েকটি বিষয় বাকি রয়েছে, সেগুলো বুধবার দুপুরের আগেই চূড়ান্ত করা হবে। এরপর সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, দীর্ঘ প্রক্রিয়ার ধারাবাহিকতায় গত বছরের ২৮ ডিসেম্বর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে ১০ দলীয় নির্বাচনি সমঝোতার ঘোষণা দেন। পরে আরও একটি দল যুক্ত হয়ে তা ১১ দলীয় জোটে রূপ নেয়। তবে আসন সমঝোতা চূড়ান্ত না হওয়ায় জোটভুক্ত দলগুলোর মধ্যে অস্থিরতা দেখা দেয় এবং অনেক দল বাড়তি আসনে মনোনয়নপত্র জমা দেয়। পরবর্তীতে ধারাবাহিক আলোচনা ও দরকষাকষির মাধ্যমে সোমবার রাত ও মঙ্গলবার দফায় দফায় বৈঠকের পর আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।
জামায়াতসহ ১১ দলীয় জোটের আসন সমঝোতার ঘোষণা আজ
Oplus_131072




