মুক্তকাল ডেক্স:
বাংলাদেশের তরুণ প্রজন্ম ভারতের কোনো দালালকে ক্ষমতায় যেতে দেবে না—এমনকি ক্ষমতায় থাকতেও দেবে না বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ-এর সম্পাদক মাহমুদুর রহমান।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সুপ্রিম কোর্ট মিলনায়তনে কালচারাল রিসার্চ সেন্টার, ঢাকা আয়োজিত ‘নজরুল ইসলাম থেকে হাদি: আজাদীর লড়াই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, জুলাই মাসের আন্দোলন বাংলাদেশকে বদলে দিয়েছে এবং একটি নতুন সচেতন তরুণ প্রজন্ম তৈরি করেছে। এই প্রজন্ম আর বিদেশি প্রভাব বা আধিপত্য মেনে নেবে না। তিনি বলেন, “আমাদের রাজনীতির থিউরি পাল্টাতে হবে। থিউরি হবে—ভারত যাকে সমর্থন করবে, তাকে ভোট দেওয়া যাবে না এবং ক্ষমতায়ও রাখা যাবে না।”
তিনি শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড প্রসঙ্গে বলেন, হাদি নিজ লেখনিতে যেভাবে সীমান্তের আগ্রাসনের কথা বলেছেন, তার মৃত্যুর দায়ীদের খুঁজতে খুব দূরে যাওয়ার প্রয়োজন নেই।
হাদির চিন্তা ও আদর্শ প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন, আমাদের স্বাধীনতার লড়াই মূলত একটি সাংস্কৃতিক লড়াই। বৈরি প্রতিবেশীর আগ্রাসনের বিরুদ্ধে টিকে থাকতে হলে এই সাংস্কৃতিক সংগ্রাম অব্যাহত রাখতে হবে। তিনি ইনকিলাব কালচারাল সেন্টারকে হাদির স্বপ্নের প্রতিফলন হিসেবে উল্লেখ করে সেটিকে টিকিয়ে রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লব আবু সাঈদ, ইয়ামিনসহ অনেক নতুন প্রতীক সৃষ্টি করেছে। পরবর্তীতে আল্লাহ আমাদের জন্য ওসমান হাদিকে একটি আইকন হিসেবে দিয়েছেন। বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন হাদির বিপ্লবী চেতনা বেঁচে থাকবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিযোগিতা থাকবে—এক দল জিতবে, অন্য দল হারবে। কিন্তু জুলাই আন্দোলনের অংশীদাররা পরস্পরের শত্রুতে পরিণত হবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করতে হবে।
রাজনৈতিক দলগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, কিছু রাজনীতিবিদ মনে করেন ভারতের সমর্থন ছাড়া ক্ষমতায় যাওয়া বা টিকে থাকা সম্ভব নয়—এটি তাদের হীনমন্যতা। শেখ হাসিনার উদাহরণ টেনে তিনি বলেন, ভারতের সমর্থন থাকলেও শেষ পর্যন্ত তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যেমন ব্রিটিশবিরোধী আন্দোলনের কণ্ঠস্বর ছিলেন, তেমনি শহীদ ওসমান হাদি জুলাই আন্দোলনে নজরুলের চেতনাকে জীবন্ত করে তুলেছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালচারাল রিসার্চ সেন্টারের নির্বাহী পরিচালক এমদাদুল হক চৌধুরী। প্রবন্ধ উপস্থাপন করেন নর্দার্ন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন। এছাড়া শহীদ হাদির বড় ভাই শরীফ ওমর বিন হাদিসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি বক্তব্য রাখেন।
তরুণ প্রজন্ম ভারতের কোনো দালালকে ক্ষমতায় যেতে দেবে না: মাহমুদুর রহমান
Oplus_131072




