জামালপুরে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করায় ছাত্রদলের এক নেতাকে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল
সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিন মঙ্গলবার (৫ আগস্ট) ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে সমাবেশের কারণে সৃষ্ট যানজটের সমালোচনা করেন।
এতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে অভিযোগে ওই রাতেই উপজেলা পূর্ব শাখার আহ্বায়ক মো. সাব্বির আহম্মেদ ও সদস্য সচিব মো. আসলাম উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাকে সাময়িক অব্যাহতির ঘোষণা দেওয়া হয়।
জানা গেছে, নান্দিনা বাজার এলাকায় বিএনপির বিজয় মিছিল ও সমাবেশের কারণে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে যানজট তৈরি হয়।
এ ঘটনায় রবিন তার ফেসবুকে লেখেন— ‘এটা সমাবেশ নাকি সাধারণ মানুষের ভোগান্তি?’
এ সময় পোস্টের সঙ্গে তিনি যানজটে আটকে থাকা বাসের ছবিও শেয়ার করেন।
তবে উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি বলেন, সমাবেশের কারণে কোনো ধরনের ভোগান্তি হয়নি। অন্য গ্রুপের হয়ে রবিন ইচ্ছাকৃতভাবে এমন পোস্ট করেছেন বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে রবিনের মন্তব্য জানতে চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
জামালপুর জেলা ছাত্রদল সভাপতি আতিকুর রহমান জানান, ফেসবুকে নেতিবাচক মন্তব্যের মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।




