মুক্তকাল ডেক্স:
এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, মোদির সেবাদাসদের হাত থেকে বাংলাদেশকে চিরকালের জন্য মুক্ত করতে হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি বলেন, বর্তমানে সমাজে ইনসাফ নেই। আমরা একটি নতুন বাংলাদেশ উপহার দিতে চাই, যেখানে ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠিত হবে।
রোববার দুপুরে রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ঢাকা-৬ আসনের নির্বাচনি জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
অলি আহমদ বলেন, আমাদের বিরোধীরা নিজেরাই দিল্লির সেবাদাস হিসেবে পরিচিত করেছে। সেবাদাসদের হাতে দেশের দায়িত্ব তুলে দেওয়া যায় না। যেকোনো মূল্যে তাদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। এই মুক্তির একমাত্র পথ হলো ৫ আগস্টের মুভমেন্টের পক্ষের প্রার্থীদের বিজয়ী করা।
তিনি বলেন, ১৯৭১ সালে একজন ক্যাপ্টেন হিসেবে সর্বপ্রথম পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেওয়ানহাট থেকে ফিরিয়ে এনে স্বাধীনতার ঘোষণার সঙ্গে যুক্ত ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
অলি আহমদ বলেন, আমাদের স্বপ্ন ছিল ন্যায়ভিত্তিক সমাজ ও অর্থনৈতিক মুক্তি। কিন্তু গত ২৫ বছর ধরে ভারতের দালালরা দেশ পরিচালনা করেছে। বিএনপি ও আওয়ামী লীগ—উভয় দলকেই জনগণ ক্ষমতায় দেখেছে। অথচ দুর্নীতি ও চাঁদাবাজি থেকে দেশ বের হতে পারেনি।
তিনি বলেন, আমরা কাপড় ও নাম পাল্টালেও দুর্নীতি থেকে বের হতে পারিনি। আজ আমাদের শেষ যুদ্ধ—১৯৭১ সালের স্বপ্ন বাস্তবায়নের যুদ্ধ। এই বাংলাদেশ হবে দাসত্বমুক্ত, চাঁদাবাজমুক্ত ও দুর্নীতিমুক্ত; যেখানে ধনী-গরিবের মধ্যে বিচারে কোনো পার্থক্য থাকবে না।
বিএনপির ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ৫ আগস্টের মুভমেন্টে বিএনপির কোনো অংশগ্রহণ ছিল না—এটা তাদের নেতারাই বলেছেন। তাই জনগণকে আবেগ নয়, বিবেক দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। মার্কা দেখে নয়, বরং কারা দেশের মঙ্গল করবে তা বিবেচনা করে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
শেষে তিনি ঢাকা-৬ আসনের প্রার্থী ড. আব্দুল মান্নান এবং ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারীকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, যারা জাতির সঙ্গে বেঈমানি করবে, আল্লাহ তাদের ক্ষমা করবেন না। ১১ দলীয় ঐক্যের প্রার্থীদের ভোট দিয়ে দেশকে মোদির সেবাদাসদের হাত থেকে মুক্ত করতে হবে।
দেশকে দিল্লির সেবাদাস মুক্ত করতে ১১ দলের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান




