মুক্তকাল ডেক্স:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নির্বাচনি প্রচার ও গণসংযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। সংঘর্ষের জন্য দুই দলই একে অপরকে দায়ী করেছে।
রোববার (তারিখ) বিকেলে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেডিকেল মোড় সংলগ্ন কসাইটারী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম রাজু। অপরদিকে একই আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান রাজীব প্রধান ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
রোববার বিকেলে ওই এলাকায় দুই প্রার্থীর সমর্থকদের পৃথক গণসংযোগ চলাকালে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
ঘটনার বিষয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু বলেন, “সংঘর্ষের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নই। আহতের সংখ্যাও জানা যায়নি। ঘটনাস্থল থেকে বিস্তারিত তথ্য সংগ্রহের পর বিষয়টি স্পষ্ট হবে।”
এদিকে সংঘর্ষের বিষয়ে বিএনপি প্রার্থী হাসান রাজীব প্রধানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
লালমনিরহাট জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ বলেন, “নির্বাচনি প্রচারের সময় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যেহেতু বিষয়টি নির্বাচন আচরণবিধির সঙ্গে সংশ্লিষ্ট, তাই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
লালমনিরহাটে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ২০
Oplus_131072




