Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:55 pm
অন্যান্য

শান্তিপূর্ণ বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

শান্তিপূর্ণ বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে শান্তিপূর্ণ পরিবেশে বিশ্ব ইজতেমা আয়োজন করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে তাবলিগ জামাতের সাদপন্থী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা এড়িয়ে তাবলিগ জামাতের উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে বিশ্ব ইজতেমা আয়োজন করতে সরকার চায়। ইজতেমার তারিখ নির্ধারণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাদপন্থী প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। এর আগে জুবায়েরপন্থী প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করা হয়েছে।

তিনি জানান, আগামী ২০২৭ সালের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে আয়োজনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

তবে টঙ্গীর ইজতেমা মাঠ ব্যবহার নিয়ে দুই পক্ষের দাবির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সাদপন্থীরা দুই পর্বের ইজতেমা শেষ হওয়ার পর রমজানের আগে অথবা নভেম্বরের শেষ দিকে পর্যাপ্ত সময়ের ব্যবধানে টঙ্গী ময়দানে এক পর্বে ইজতেমা আয়োজনের প্রস্তাব দিয়েছে। আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে উভয় পক্ষের সঙ্গে আরও আলোচনা এবং আইনশৃঙ্খলা বাহিনীর মতামতের ভিত্তিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী।

মাওলানা সাদের বাংলাদেশে আগমনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ভিসা নীতি ও ধর্ম মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয়। সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, বিগত সময়ের তুলনায় বর্তমানে অপরাধ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। হত্যা, অপহরণ, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধের হার কমেছে বলেও দাবি করেন তিনি।

এ সময় রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় এক শিক্ষিকার মৃত্যুর প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, ঘটনার ১২ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার, ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার এবং অপরাধে ব্যবহৃত মালামাল জব্দ করা হয়েছে।

সভায় ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তাবলিগ জামাতের সাদপন্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Advertisement