Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:07 pm
অন্যান্য

বকশীগঞ্জে ভয়াবহ লোডশেডিংয়ে থমকে যাচ্ছে জনজীবন!,

বকশীগঞ্জে ভয়াবহ লোডশেডিংয়ে থমকে যাচ্ছে জনজীবন!,

বকশীগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দীর্ঘস্থায়ী ও তীব্র লোডশেডিংয়ে জনজীবন চরমভাবে অতিষ্ঠ হয়ে উঠেছে। দিনে ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ২ থেকে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ ২-৩ ঘন্টা বিদ্যুৎ আবার পাওয়া যাচ্ছে ৫ মিনিট থেকে ৩০ মিনিট করে। এতে কৃষি জমিতে সেচ, শিক্ষা, ব্যবসা, যাতায়াত ব্যবস্থা ও জীবিকানির্বাহ সহ সবক্ষেত্রেই থমকে পড়ছে মানুষের জীবন।

Advertisement

বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিস সূত্রে জানা গেছে, বকশীগঞ্জ সাব-স্টেশনের আওতায় ৯৮ হাজার গ্রাহক রয়েছে। এতে বিদ্যুতের চাহিদা প্রায় ২৪ মেগাওয়াট হলেও বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৭ থেকে ৮ মেগাওয়াট। ফলে বিদ্যুতের ঘাটতি পূরণে বাধ্য হয়ে ঘনঘন লোডশেডিং দিতে হচ্ছে।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলমান বোরো মৌসুমে ধানখেতে সেচ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পর্যাপ্ত বিদ্যুৎ না থাকায় সেচ পাম্প চালানো সম্ভব হচ্ছে না, ফলে ফসলের উৎপাদন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
অন্যদিকে, এসএসসি পরীক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না। সন্ধ্যার পর বিদ্যুৎ না থাকায় তাদের প্রস্তুতিতে বিঘ্ন ঘটছে। অনেক শিক্ষার্থী মোমবাতি ওপর নির্ভর করে পড়াশোনা চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। জ্বালানি সংকটের কারণে হারিকেনও জ্বালানো সম্ভব হচ্ছে না।

এছাড়া ব্যাটারি চালিত অটোরিকশা চালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী মানুষের রুজি-রোজগারও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুতের অভাবে দোকানপাট, ওয়ার্কশপ ও অন্যান্য ছোট ব্যবসা কার্যত অচল হয়ে পড়েছে।
অটোরিকশার ব্যাটারি চার্জ না দিতে পারায় শহরে আর তেমন অটোরিকশা চোখে পরছে না কিছু সংখ্যক অটোরিকশা দেখা মিললেও যাত্রীদের ভাড়া গুনতে হচ্ছে দ্বিগুণ।

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা দ্রুত এই সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না হলে কৃষি উৎপাদন, শিক্ষাব্যবস্থা এবং স্থানীয় অর্থনীতি আরও বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।

অটোরিকশা চালক কালাম মিয়া বলেন, কারেন্ট না থাকায় আমরা অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে পারছি না। ২৪ ঘন্টায় কারেন্ট থাকে ২ থেকে ৩ ঘন্টা তবুও ১০ মিনিট ১৫ মিনিট থাকে আবার চলে যায় এভাবে অটোরিকশার ব্যাটারি চার্জ করা সম্ভব হয় না। আমার পেশায় গাড়ি চালিয়ে খাওয়া আর গাড়ি কিনেছি সমিতির টাকা তুলে, গত কয়েকদিন থেকে বাজারও করতে পারতেছিনা আর কিস্তি চালাতে হচ্ছে ধারদেনা করে।

এ বিষয়ে বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো: আকবর হোসেন মিয়া বলেন, জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সাব ষ্টেশনে বিদ্যুতের চাহিদা ২৪ মেগাওয়াট কিন্তু পাওয়া যাচ্ছে ৭ থেকে ৮ মেগাওয়াট ফলে লোডশেডিং হচ্ছে। এ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।

Advertisement