মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা, ইলশামারী, পূর্ব নলছিয়া, নলছিয়া বাজার, মহিষবাথান বাজারসহ কয়েকটি গ্রামে টানা তিন দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার বাসিন্দা ও বাজারের ব্যবসায়ীরা।
বিদ্যুৎ না থাকায় সন্ধ্যা নামলেই ঘরে ঘরে জ্বলছে কুপি বাতি ও মোমবাতি। অনেক পরিবার বাধ্য হয়ে নব্বই দশকের মতো কেরোসিনের কুপি ব্যবহার করছেন। শিক্ষার্থীদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। মোবাইল ফোন চার্জ দিতে যেতে হচ্ছে পাশের বাজারে।
টানা বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রাখা মাছ, মাংস, দুধ ও কাঁচাবাজার পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। স্থানীয় ব্যবসায়ী মো. বাদশা বলেন, “বাড়িতে ঈদের পর কেনা ৫ কেজি গরুর মাংস আর মাছ পুরোটাই নষ্ট হয়ে গেছে। দোকানের আইসক্রিম, দইসহ অনেক পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। টানা তিন দিন বিদ্যুৎ না থাকায় আমাদের মতো ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়েছি। আমরা দ্রুত সমাধান চাই।”
বিদ্যুৎ না থাকায় সেচ পাম্পও বন্ধ রয়েছে। এতে বোরো ধানের জমিতে পানি দিতে পারছেন না কৃষকরা। ফলে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন তারা।
লালডোবা গ্রামের বাসিন্দা মোখলেছুর রহমান মোকু বলেন, “তিন দিন ধরে অন্ধকারে আছি। বাচ্চারা পড়তে পারছে না, ফ্রিজের সব জিনিস ফেলে দিতে হয়েছে। সন্ধ্যার পর মোমবাতি জ্বালিয়ে থাকতে হচ্ছে। আমরা দ্রুত বিদ্যুৎ চাই।”
এ বিষয়ে স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, সাম্প্রতিক ঝড়ে ৩৩ কেভি লাইনের খুঁটি ভেঙে গেছে এবং বিভিন্ন স্থানে বৈদ্যুতিক মেইন তার ছিঁড়ে যাওয়ায় এ সমস্যা তৈরি হয়েছে। মেরামতের কাজ চলছে, দ্রুতই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানানো হয়।
এলাকাবাসী দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।




