মো. আবুসাঈদ গালিব
দেওয়ানগঞ্জ (জামালপুর):
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের কেশর মোড় এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে নির্মিত হেরিং বোন (ইটের সোলিং) সড়কের উপর নতুন করে ঢালাই সড়ক নির্মাণকে কেন্দ্র করে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ভালো অবস্থায় থাকা সড়কের ওপর নতুন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে এবং কাজটি রাতের আঁধারে সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে পুরাতন সড়কের ইট বিক্রির অভিযোগও উঠেছে।
সরেজমিনে দেখা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় নির্মিত প্রায় ৫০০ মিটার হেরিং বোন সড়কটির বেশিরভাগ অংশ ভালো অবস্থায় রয়েছে। তবে ওই সড়কের উপর চিকাজানি ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ প্রায় ২৬০ ফুট ঢালাই সড়ক নির্মাণ করেছে।
স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রায় ৩ থেকে ৪ বছর আগে ৪০ লাখ টাকার বেশি ব্যয়ে হেরিং বোন সড়কটি নির্মাণ করা হয়েছিল। ভালো অবস্থায় থাকা সড়কের ওপর নতুন প্রকল্প বাস্তবায়ন করতে হলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বা উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি প্রয়োজন ছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সড়কের ওপর নতুন নির্মাণকাজ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
স্থানীয় বাসিন্দা মোছা মোল্লা, ফারুক মিয়া ও নওরোজ আলীসহ অনেকেই অভিযোগ করে বলেন, ভালো সড়কের ওপর আবার সড়ক নির্মাণের কাজ শুরু হলে উপজেলা প্রশাসন তা বন্ধ করে দেয়। কিন্তু প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে রাত ১০টার পর ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়। তাদের দাবি, কাজের মানও খুব নিম্নমানের হয়েছে। পাশাপাশি হেরিং বোন সড়কের ইট বিক্রি করে অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। এসব অনিয়মে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে চিকাজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম আক্কাস বলেন, প্রকল্পটি নামমাত্র ইউনিয়ন পরিষদের হলেও বাস্তবে এটি নিয়ন্ত্রণ করছে ওই এলাকার বিএনপির নেতাকর্মীরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. খবিরুজ্জামান খান বলেন, সড়কের ওপর নতুন প্রকল্প বাস্তবায়নের খবর পেয়ে তদন্তে লোক পাঠিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে পরে রাতের আঁধারে কাজটি সম্পন্ন করা হয়েছে বলে তিনি শুনেছেন।
চিকাজানি ইউনিয়নে ঢালাই সড়ক প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ




