সাজ্জাদ হোসাইন শাহিন ,মেলান্দহ,জামালপুর :
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামালপুর-৩ (মেলান্দহ ও মাদারগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ দৌলতুজ্জামান আনসারীকে তলব করেছে নির্বাচন অনুসন্ধান ও বিচারক কমিটি জামালপুর-৩ আসনের নির্বাচন অনুসন্ধান ও বিচারক কমিটির সিভিল জজ আরিফ হোসাইন স্বাক্ষরিত এক নোটিশে তাকে আগামী ৬ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দে জামালপুরের সিভিল জজ আদালত (বকশিগঞ্জে) স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য ও ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫ অনুযায়ী নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে নির্ধারিত নিয়ম-কানুন অনুসরণ করা বাধ্যতামূলক। তবে অভিযোগ রয়েছে, গত ১ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ দৌলতুজ্জামান আনসারী হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ সময় তিনি প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নেন, যা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর ৩ ও ১৮ ধারার সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়ায় নির্বাচন অনুসন্ধান ও বিচারক কমিটি তার বিরুদ্ধে নোটিশ জারি করে।
নোটিশে আরও বলা হয়, নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে আদালত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও নোটিশে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় এলাকায় নির্বাচনী পরিবেশ ও আচরণবিধি প্রতিপালন নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছেন, নির্বাচনের সুষ্ঠুতা ও নিরপেক্ষতা বজায় রাখতে নির্বাচন কমিশন ও অনুসন্ধান কমিটি এ ধরনের অভিযোগে কঠোর অবস্থান নিচ্ছে।




