জামালপুর সদর-০৫ আসনে এবি পার্টির প্রার্থী এডভোকেট ছানোয়ার হোসেনের নির্বাচনী সভা অনুষ্ঠিত
সাইদুর রহমান:জামালপুর শহর প্রতিনিধি
জামালপুর সদর উপজেলার ১৩ নং মেষ্টা ইউনিয়নের কলতাপাড়া এলাকায় গত ১৫ তারিখ শনিবার অনুষ্ঠিত হয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর নির্বাচনী সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলার আহবায়ক এবং জামালপুর সদর-০৫ আসনে সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ছানোয়ার হোসেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টি জামালপুর সদর উপজেলার আহবায়ক মো. আব্দুল ওয়াহাব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবি পার্টি মেষ্টা ইউনিয়ন ১৩ নং ওয়ার্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস তালুকদার। উদ্বোধন করেন মো. হানিফ উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন—
এবি পার্টি সরিষাবাড়ী উপজেলার আহবায়ক এডভোকেট জাহিদ হাসান, এবি যুব পার্টি জামালপুর জেলার আহবায়ক মো. শিহাব ইসলাম, আমিনুল ইসলাম আজাদ, মিনহাজ তালুকদার, বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রজব আলী, বখতিয়ার উদ্দিন, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট আব্দুর রহিম, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা মো. ফজলুল হক, পল্লী চিকিৎসক ডা. শহিদুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি এডভোকেট ছানোয়ার হোসেন বলেন,
“পুরাতন রাজনৈতিক বন্দোবস্তকে ভোটের মাধ্যমেই বিদায় দিতে হবে। চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের রাজনীতি থেকে দেশকে মুক্ত করতে হলে জনগণকে যোগ্য ব্যক্তিকে ভোট দিতে হবে—মার্কা দেখে নয়। ২০২৪ সালের বিপ্লবের মাধ্যমে পুরনো রাজনীতির কবর রচনা হয়েছে। এখন দেশকে বদলে দেওয়ার সময়, কল্যাণরাষ্ট্র গড়তে ঈগল প্রতীকে ভোট দিন।”
সভায় বক্তারা দেশে সুশাসন, উন্নয়ন ও পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠায় এবি পার্টির অঙ্গীকার তুলে ধরেন।




