মাদারগঞ্জ প্রতিনিধি:
“মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো। নির্যাতিত সকল জনগণকে এই লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।” — এমন দৃঢ় প্রত্যয়ের কথা জানিয়ে জামালপুর-৩ (মাদারগঞ্জ–মেলান্দহ) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শিবলুল বারী রাজু।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে মাদারগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিবলুল বারী রাজুর নির্বাচনী মাঠে নামার ঘোষণায় জামালপুর-৩ আসনের রাজনীতিতে নতুন সমীকরণ সৃষ্টি হয়েছে। সাধারণ ভোটারদের মধ্যে ইতোমধ্যে এই আসনকে ঘিরে বাড়তি আগ্রহ ও আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।
মনোনয়ন ফরম সংগ্রহের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে শিবলুল বারী রাজু লেখেন—
“মনোনয়ন ফর্ম তুলার মধ্য দিয়ে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ শুরু করলাম আনুষ্ঠানিকভাবে।
নির্যাতিত সকল জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ রইলো।”
তার এই ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।




