আব্দুর রহিম খান
মাদারগঞ্জ প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান থেকে ঘুঘুমারী যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষের চলাচল চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের মাঝখানে বড় ধরনের ধস নেমে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষার পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় প্রতিদিনই ভাঙনের পরিধি বাড়ছে। ফলে ভ্যান, রিকশা, মোটরসাইকেলসহ ছোট যানবাহনের চলাচলও প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো ব্যবহার করে পারাপার হচ্ছেন।
স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত শিক্ষক কামরুল ইসলাম বলেন, “এই সড়ক দিয়েই মহিষবাথান থেকে ঘুঘুমারী বাজার, স্কুল-কলেজ ও হাসপাতালে যাতায়াত করতে হয়। রাস্তা ভেঙে যাওয়ার পর থেকে দুর্ভোগের শেষ নেই। জরুরি রোগী পরিবহনের জন্য একটি অ্যাম্বুলেন্সও এ পথে চলাচল করতে পারছে না। দ্রুত সংস্কার না করলে পুরো সড়কটি পুকুরে বিলীন হয়ে যেতে পারে।”
এ বিষয়ে কড়ইচড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুর রহমান বলেন, “ভাঙনের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী এবং এলজিইডি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। জনগণের চলাচল স্বাভাবিক রাখতে আপাতত মাটি ফেলে অস্থায়ীভাবে সড়কটি সচল রাখার চেষ্টা চলছে।”
উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, সড়কটি এলজিইডির আওতাধীন। সংশ্লিষ্ট কর্মকর্তারা ভাঙন এলাকা পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
এদিকে এলাকাবাসীর দাবি, বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়ার আগেই দ্রুত সড়কটি স্থায়ীভাবে সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করা হোক। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।




