মুক্তকাল ডেক্স:
জাহানঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদসহ এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন। অভিযুক্ত শিক্ষার্থী জাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে মীর মশাররফ হোসেন হল সংসদের সমাজসেবা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
রোববার রাত ৯টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্টের নেতৃত্বে হল প্রশাসন ও হল সংসদের সদস্যরা অভিযান চালিয়ে হলের ৭২৩ নম্বর কক্ষ থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করেন।
আটক শিক্ষার্থীর নাম ফজলে আজওয়াদ সরকার। তিনি জাবির রাজনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী এবং মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী। তবে তিনি অবৈধভাবে কাজী নজরুল ইসলাম হলে অবস্থান করছিলেন বলে জানিয়েছে হল প্রশাসন।
জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থীর বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া গ্রামে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় তিনি অবৈধভাবে ভারত থেকে মদ সংগ্রহ করে ক্যাম্পাসে বিক্রি করতেন—এমন অভিযোগ উঠেছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন, নিজের ব্যবহারের জন্য এবং বন্ধুদের দেওয়ার উদ্দেশ্যেই মদগুলো এনেছিলেন।
এদিকে তার ঘনিষ্ঠজনদের বরাতে জানা গেছে, তিনি বিশ্ববিদ্যালয়ের পাশের জামসিং এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন এবং সেটি মাদক কারবারের কেন্দ্র হিসেবে ব্যবহার করতেন।
অভিযান শেষে হল প্রভোস্ট (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক বলেন,
“গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষার্থীর টেবিলের লকার থেকে ৯ বোতল এবং খাটের নিচ থেকে আরও ১১ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মধ্যে ১৭ বোতল ভদকা ও ৩ বোতল হুইস্কি রয়েছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলাবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাবিতে ২০ বোতল বিদেশি মদসহ ছাত্রদল কর্মী আটক
Oplus_131072




