Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:04 pm
অন্যান্য

মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং অফিসারদের ভূমিকা নিয়ে জামায়াতের উদ্বেগ

মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং অফিসারদের ভূমিকা নিয়ে জামায়াতের উদ্বেগ

মুক্তকাল ডেক্স:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় কয়েকজন রিটার্নিং অফিসারের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সারা দেশে মনোনয়নপত্র দাখিলের পর যাচাই-বাছাই চলাকালে বিভিন্ন জেলায় রিটার্নিং অফিসারদের আচরণে ভিন্ন ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে তুচ্ছ ও গুরুত্বহীন বিষয়কে কেন্দ্র করে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, যেসব ক্ষেত্রে রিটার্নিং অফিসাররা ব্যক্তিগত বিবেচনায় ছাড় দিতে পারতেন, সেসব জায়গায় অযথা কঠোরতা দেখানো হয়েছে। এর ফলে উদ্দেশ্যমূলকভাবে অনেক যোগ্য প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে বলে জামায়াতের ধারণা।
বিবৃতিতে আরও বলা হয়, প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য-প্রমাণ জমা দেওয়ার পরও কিছু ক্ষেত্রে অপ্রাসঙ্গিক ও আইনের দৃষ্টিতে তেমন গুরুত্বপূর্ণ নয়—এমন বিষয় দেখিয়ে প্রার্থিতা বাতিল করা হয়েছে। একটি নির্দিষ্ট মহলের প্ররোচনায় এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেও দলটি মনে করছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, এ ধরনের পরিস্থিতি চলতে থাকলে জাতীয় সংসদ নির্বাচন কতটা অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ হবে—তা নিয়ে দেশবাসীর মধ্যে গুরুতর প্রশ্ন দেখা দেবে। তিনি তুচ্ছ অজুহাতে যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে, তাদের প্রার্থিতা অবিলম্বে বৈধ ঘোষণার আহ্বান জানান।
এ সময় নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের প্রতি সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচনের মাঠ সমতল রাখার আহ্বান জানায় জামায়াতে ইসলামী।

Advertisement
Advertisement