Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
অন্যান্য

পোস্টাল ভোটে নিবন্ধন ১২ লাখ ছাড়াল

পোস্টাল ভোটে নিবন্ধন ১২ লাখ ছাড়াল

মুক্তকাল ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ১২ লাখ ১৯ হাজার ১৪২ জন প্রবাসী ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৫২ হাজার ৩৩৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৬৬ হাজার ৮০৭ জন।
শুক্রবার সকাল ৯টা ২০ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে এ সংখ্যা জানা গেছে। নিবন্ধন সম্পন্নকারীদের ঠিকানায় নির্ধারিত সময়ে ব্যালট পেপার ডাকযোগে পাঠাবে ইসি।
এবারই প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ ব্যবস্থায় প্রবাসী ভোটারদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারাও ভোট দিতে পারবেন। এজন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক।
গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। আগে নিবন্ধনের শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর। তবে গত ৩০ ডিসেম্বর এক সংবাদ ব্রিফিংয়ে সময়সীমা বাড়ানোর ঘোষণা দেয় নির্বাচন কমিশন।
বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, কানাডা, বিভিন্ন আফ্রিকান দেশসহ বিশ্বের বহু দেশে পোস্টাল ভোটের নিবন্ধন কার্যক্রম চলছে।
ইসি জানিয়েছে, ভোটাররা ব্যালটে ভোট প্রদান করে নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে প্রায় ৫০ লাখ প্রবাসী ভোটারকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সংস্থাটি।

Advertisement
Advertisement