Skip to content
প্রকাশ- November 2, 2026 , 21:00 pm
অন্যান্য

সৌদি আরবে দুর্নীতির অভিযোগে ১১৬ সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

সৌদি আরবে দুর্নীতির অভিযোগে ১১৬ সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

মুক্তকাল ডেক্স :
সৌদি আরবে দুর্নীতিবিরোধী অভিযানে ১১৬ জন সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন ও তদারকি কর্তৃপক্ষ নাজাহা। দীর্ঘ তদন্তের পর ঘুষ গ্রহণ ও সরকারি ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। আরবি দৈনিক ওকাজ-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
নাজাহা জানায়, ২০২৫ সালের ডিসেম্বরে দেশব্যাপী পরিচালিত অভিযানের অংশ হিসেবে মোট ৪৬৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় স্বরাষ্ট্র, পৌরসভা ও গৃহায়ন, শিক্ষা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তদন্তের আওতায় আসেন।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, চলতি মাসে দুর্নীতি তদন্তের অংশ হিসেবে এক হাজার ৪৪০টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে মূলত ঘুষ লেনদেন ও প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগগুলো গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হয়।
নাজাহা আরও জানায়, তদন্ত শেষে সংশ্লিষ্ট মামলাগুলোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তদের বিচার বিভাগের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ মামলাগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ১১৬ জন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তাদের মধ্যে কয়েকজনকে পরবর্তীতে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে রাষ্ট্রীয় অর্থ সুরক্ষা, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সরকারি খাতে সব ধরনের দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যেই এ অভিযান চালানো হচ্ছে।
এ ছাড়া আর্থিক বা প্রশাসনিক দুর্নীতির কোনো সন্দেহজনক তথ্য থাকলে নির্ধারিত চ্যানেলের মাধ্যমে জানানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছে নাজাহা। এসব চ্যানেলের মধ্যে রয়েছে টোল-ফ্রি নম্বর ৯৮০ এবং নাজাহার অফিসিয়াল ওয়েবসাইট।

Advertisement
Advertisement