মুক্তকাল ডেক্স :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কোনো বাড়ি, জমি কিংবা গাড়ি নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামা অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকা। তার পেশা হিসেবে উল্লেখ করা হয়েছে রাজনীতি।
হলফনামায় তিনি জানান, তার নামে মাত্র ২ হাজার ৯৫০ টাকা মূল্যের অলংকার রয়েছে। বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ (গুলশান-বনানী-বারিধারা-ক্যান্টনমেন্ট) আসন থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
হলফনামা বিশ্লেষণে দেখা যায়, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া ৭৭টি মামলার সবকটিতেই তিনি অব্যাহতি বা খালাস পেয়েছেন। কিছু মামলা প্রত্যাহারও করা হয়েছে। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি উচ্চ মাধ্যমিক উল্লেখ করেছেন। তার স্ত্রীর পেশা চিকিৎসক।
তিনি আরও উল্লেখ করেন, তিনি শুধু বাংলাদেশের নাগরিক; অন্য কোনো দেশের নাগরিকত্ব তার নেই।
সম্পদের বিবরণ
হলফনামা অনুযায়ী, তারেক রহমানের হাতে নগদ রয়েছে ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা এবং তার স্ত্রীর নামে রয়েছে ৬৬ লাখ ৫৪ হাজার ৭৪৭ টাকা। বিদেশি মুদ্রা বা ব্যাংকে জমা অর্থ নেই। শেয়ার ও বিনিয়োগ খাতে তার রয়েছে মোট ৫০ লাখ টাকার শেয়ার। এ ছাড়া এফডিআর হিসেবে জমা রয়েছে ৯০ লাখ ২৪ হাজার ৩০৭ টাকা এবং অন্যান্য আমানত এক লাখ টাকা।
তার নামে কোনো বাস, ট্রাক, মোটরযান বা মোটরসাইকেল নেই। আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা। তার নামে কোনো আগ্নেয়াস্ত্রও নেই।
স্থাবর সম্পদ
তারেক রহমানের নামে কোনো কৃষিজমি নেই। তবে ১ দশমিক ৪ শতাংশ অকৃষিজমি রয়েছে, যার মূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা। তার স্ত্রীর নামে রয়েছে ১১১ দশমিক ২৫ শতাংশ জমি। যৌথ মালিকানায় ৮০০ বর্গফুট আয়তনের একটি দোতলা ভবন এবং উপহার হিসেবে পাওয়া ২ দশমিক ৯ শতাংশ জমির ওপর একটি ভবনের উল্লেখ রয়েছে। নিজের নামে কোনো বাড়ি বা অ্যাপার্টমেন্ট নেই।
হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, তারেক রহমান বা তার স্ত্রী ও কন্যার নামে কোনো সরকারি বা বেসরকারি ঋণ নেই এবং তিনি কখনো কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেননি।
নির্বাচনি হলফনামা: তারেক রহমানের নামে নেই বাড়ি-গাড়ি




