Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:57 pm
অন্যান্য

বিএনপি থেকে বহিষ্কারের প্রতিক্রিয়ায় যা বললেন রুমিন ফারহানা

বিএনপি থেকে বহিষ্কারের প্রতিক্রিয়ায় যা বললেন রুমিন ফারহানা

মুক্তকাল ডেক্স:
দলীয় সিদ্ধান্ত অমান্য করে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করায় বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। বহিষ্কারের প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনেই দল থেকে বহিষ্কারের আদেশ পাওয়া তার রাজনৈতিক জীবনের এক অদ্ভুত ও বেদনাদায়ক অধ্যায়।
গতকাল মঙ্গলবার রাতে গণমাধ্যমকে এসব কথা জানান রুমিন ফারহানা। বহিষ্কার সত্ত্বেও আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
রুমিন ফারহানা বলেন, রাজনীতিতে আপস না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা তিনি খালেদা জিয়ার কাছ থেকেই পেয়েছেন। যাঁর আদর্শে রাজনীতি করেছেন এবং যাঁর স্নেহ ও আশ্রয়ে আজকের অবস্থানে পৌঁছেছেন, তাঁর প্রয়াণের দিনেই বহিষ্কারের ঘটনা কাকতালীয় নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “আমি আমার রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি। যাঁর আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতি করেছি, আজ তিনি নেই। তাঁর চলে যাওয়ায় দেশ ও দলের অপূরণীয় ক্ষতি হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার আগে তিনি আমার সঙ্গে কথা বলেছিলেন এবং বলেছিলেন—আমাকে মনোনয়ন দেওয়া হলো না কেন। আমি শুধু এইটুকুই বলব।”
নিজেকে বিদ্রোহী প্রার্থী হিসেবে উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, “জোয়ারের বিপরীতে একা দাঁড়ানোই এক ধরনের আপসহীনতা। এই সাহস ও আদর্শ আমি আমার নেত্রীর কাছ থেকেই শিখেছি।”
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে মঙ্গলবার রুমিন ফারহানাসহ মোট ৯ জন নেতাকে বহিষ্কার করে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। ওই আসনে বিএনপি তাদের জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিবকে প্রার্থী ঘোষণা করেছে।

Advertisement
Advertisement