Skip to content
প্রকাশ- November 2, 2026 , 21:00 pm
অন্যান্য

প্রতি আসনেই হেভিওয়েট প্রার্থী বিএনপির, অভ্যন্তরীণ কোন্দলও চোখে পড়ছে

প্রতি আসনেই হেভিওয়েট প্রার্থী বিএনপির, অভ্যন্তরীণ কোন্দলও চোখে পড়ছে

মুক্তকাল ডেক্স:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার চারটি আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। অপরদিকে বিজয়ের লক্ষ্য নিয়ে মাঠে সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছে জামায়াতে ইসলামী। পিছিয়ে নেই ইসলামী আন্দোলন বাংলাদেশও। জেলার উন্নয়ন, নিরাপত্তা ও অগ্রগতির নানা আশ্বাসে ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা।
ভোলার সাতটি উপজেলা, পাঁচটি পৌরসভা ও ৭২টি ইউনিয়ন নিয়ে গঠিত চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ২৯ হাজার ৩৫৭ জন। প্রায় সমসংখ্যক নারী-পুরুষ ভোটারের এই জেলায় প্রতিটি আসনেই এবার বিএনপি থেকে হেভিওয়েট প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে পুরোনো মিত্র বিজেপির সঙ্গে আসন সমঝোতা ও দলীয় মনোনয়নকে কেন্দ্র করে কয়েকটি আসনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল স্পষ্ট। অন্যদিকে প্রতিটি আসনে একক ও প্রভাবশালী প্রার্থী থাকায় নির্বাচনি মাঠে তুলনামূলক স্বস্তিতে রয়েছে জামায়াতে ইসলামী।
ভোলা-১ (সদর)
এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ভোলা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম মোশাররফ হোসেন শাজাহানের ভাই। পারিবারিক ও রাজনৈতিক পরিচিতির সুবাদে এলাকায় তার যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে।
তবে জোটগত রাজনীতির কারণে অতীতে এ আসনে বিএনপির প্রতিনিধিত্ব ছিল না। ২০০৮ সালে জোটের অংশ হিসেবে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি নির্বাচিত হন। এবারও জোটগত নির্বাচন হলে তিনি মনোনয়ন পাবেন বলে প্রত্যাশা করছেন।
অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা নায়েবে আমির ও মৌলভীরহাট সিনিয়র ফাজিল মডেল মাদরাসার অধ্যক্ষ নজরুল ইসলাম দীর্ঘদিন ধরেই মাঠে সক্রিয়। সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পাশে দাঁড়ানো এবং ঘরে ঘরে গণসংযোগের মাধ্যমে তিনি নিজের অবস্থান শক্ত করছেন।
এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি মাওলানা ওবায়দুর রহমানও কিছু ইউনিয়নে ভোটব্যাংক থাকার দাবি করছেন।
ভোলা-২ (বোরহানউদ্দিন–দৌলতখান)
এই আসনে বিএনপির শক্তিশালী প্রার্থী হিসেবে রয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি হাফিজ ইব্রাহিম। তিনি ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের ভাই। আসন পুনরুদ্ধারে শতভাগ আশাবাদ নিয়ে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন তিনি।
জামায়াতে ইসলামীর প্রার্থী সাবেক জেলা আমির ও জামায়াতের কেন্দ্রীয় গবেষণা ইউনিটের সদস্য মুফতি মাওলানা ফজলুল করিম। আলেম হিসেবে পুরো জেলায় তার পরিচিতি ও গ্রহণযোগ্যতা রয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে এই আসনে বিজয়ের ব্যাপারে আশাবাদী জামায়াত সমর্থকরা।
ভোলা-৩ (লালমোহন–তজুমদ্দিন)
এই আসনে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বিভিন্ন সময় জাতীয় পার্টি, স্বতন্ত্র ও বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০৮ সালের পর আসনটি আওয়ামী লীগের দখলে থাকলেও এবার পুনরুদ্ধারে সক্রিয় হয়েছেন তিনি। চব্বিশের ৫ আগস্টের পর এলাকায় এসে ধারাবাহিক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
এ আসনে জামায়াত সমর্থিত বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) মহাসচিব নিজামুল হক নাঈম প্রচারে ব্যস্ত। সাবেক ছাত্রশিবির নেতা হিসেবে তরুণ ভোটারদের মধ্যে তিনি ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছেন। ‘ফুলকপি’ প্রতীক নিয়ে তার জনপ্রিয়তা বাড়ছে বলে দাবি সমর্থকদের।
ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা)
চার লাখ ৭১ হাজার ৯৯৩ ভোটারের এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। মনোনয়নের পর দলীয় বিভেদ কাটিয়ে মাঠে নামলেও অভ্যন্তরীণ কোন্দল এখনো পুরোপুরি কাটেনি। তবুও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি।
অন্যদিকে জামায়াতের প্রার্থী দলের সাবেক জেলা আমির অধ্যক্ষ মোস্তফা কামাল শক্ত অবস্থানে রয়েছেন। সামাজিক কর্মকাণ্ড ও প্রত্যন্ত এলাকায় সরাসরি সম্পৃক্ততার কারণে তার ব্যাপক পরিচিতি তৈরি হয়েছে। বিএনপির বিভক্তির সুযোগ কাজে লাগিয়ে মাঠ গোছাতে ব্যস্ত জামায়াত।
ভোলা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও নির্বাচন বিশ্লেষক এবিএম মজিবুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর ভূমিকা ভোটারদের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলবে। পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত ভাবমূর্তি ও রাজনৈতিক কর্মকাণ্ডও বিবেচনায় আসবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রত্যন্ত কেন্দ্রগুলোতে সেনা সদস্যের উপস্থিতি জরুরি বলেও মত দেন তিনি।
সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন, চব্বিশ-পরবর্তী বাংলাদেশে মানুষ সহিংসতা প্রত্যাখ্যান করছে। সহিংসতায় জড়িত দল বা প্রার্থীর প্রতি ভোটারদের নেতিবাচক মনোভাব তৈরি হবে।

Advertisement
Advertisement