জামালপুর প্রতিনিধি:
জামালপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, জেলা শাখার উদ্যোগে উপজেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টায় জেলা শহরের সরদারপাড়াস্থ হিলফুল ফুজুল ট্রাস্ট হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লস্কর মোঃ তসলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার এবং অ্যাডভোকেট মোঃ আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মোঃ আছিমুল ইসলাম এবং সঞ্চালনা করেন মামুনুর রশিদ সিদ্দিকী। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ইলিয়াস হোসাইন, হাজী আরজু মিয়া সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
প্রধান অতিথির বক্তব্যে লস্কর মোঃ তসলিম বলেন, শ্রমিকদের সেবার মাধ্যমে তাদের আস্থা অর্জন করতে হবে এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবসময় সোচ্চার থাকতে হবে। তিনি শ্রমজীবী মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়ে মানবকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বর্তমান সমাজে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। পাশাপাশি প্রতিটি উপজেলায় সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। এজন্য তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করে শ্রমিকদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
শেষে জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।




