Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:03 pm
অন্যান্য

৬০ বছরের রাজনৈতিক জীবনে প্রথমবার এমপি গয়েশ্বর চন্দ্র রায়

৬০ বছরের রাজনৈতিক জীবনে প্রথমবার এমপি গয়েশ্বর চন্দ্র রায়

Oplus_131072

স্টাফ রিপোর্টার:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নীতিনির্ধারক গয়েশ্বর চন্দ্র রায় তার দীর্ঘ ৬০ বছরের রাজনৈতিক জীবনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ৯৮ হাজার ৭৮৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ শাহিনুর ইসলাম পান ৮২ হাজার ২৩২ ভোট।
এর আগে তিনি ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও বিজয়ী হতে পারেননি।
১৯৫১ সালে কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মির্জাপুর রায় পরিবারে তার জন্ম। মাত্র ১৫ বছর বয়সে, ১৯৬৬ সালে স্কুলজীবনেই তিনি প্রগতিশীল ধারার রাজনীতিতে যুক্ত হন। ১৯৭০-এর দশকে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করেন।
পরবর্তীতে ১৯৭৮ সালে জাতীয়তাবাদী যুবদলে যোগ দিয়ে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮৭ থেকে ২০০২ সাল পর্যন্ত দীর্ঘ সময় তিনি জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে রয়েছেন। রাজনৈতিক জীবনে তাকে একাধিকবার গ্রেপ্তারও হতে হয়েছে।
১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে তিনি টেকনোক্র্যাট কোটায় পরিবেশ ও বন মন্ত্রণালয় (বর্তমানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়) এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
বাংলাদেশের রাজনীতিতে তিনি একজন প্রভাবশালী হিন্দু নেতা হিসেবেও পরিচিত। তার ছেলে অমিতাভ রায়ের সঙ্গে বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় চৌধুরীর বিয়ে হয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে ধানের শীষ প্রতীকে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ১ লাখ ৪৭ হাজার ৮৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনো দলের কাছে মনোনয়ন চাননি। ২০০৮ ও ২০১৮ সালে দল থেকেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তিনি দাবি করেন, ভোট কারচুপির কারণে সে সময় বিজয়ী হতে পারেননি। তার ভাষ্য, ক্ষমতার লিপ্সা নয়—ভালো রাজনীতিবিদ হওয়াই সব সময় তার লক্ষ্য ছিল।

Advertisement
Advertisement