মাদারগঞ্জ প্রতিনিধি:
“ক্রীড়াই হবে পেশা, পরিবার পাবে ভরসা” এ স্লোগানকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা প্রশাসন ও উপজেলা নতুন কুঁড়ি স্পোর্টস কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর সদস্য সচিব ও যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান, সমাজসেবা অফিসার তৌফিকুল ইসলাম খালেক, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম আজাদ, মাদারগঞ্জ মডেল থানার এসআই আশরাফুল আলম, বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা জাহানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ক্রীড়ানুরাগীরা।
এছাড়াও বিভিন্ন ইভেন্টের দায়িত্বপ্রাপ্তদের মধ্যে ছিলেন ব্যাডমিন্টনে আব্দুল মান্নান, সাঁতারে ইউসুফ হাসান অভি, কাবাডিতে হাফিজুর রহমান, ফুটবলে জুয়েল রানা, ক্রিকেটে মেহেদী হাসান টুটুল, দাবায় মঞ্জুরুল ইসলাম তামশা, অ্যাথলেটিকসে শামিম মিয়া এবং মার্শাল আর্টে কাউছার মিয়া। একাডেমিক সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করবেন শফিকুল ইসলাম হায়দার।
সভায় আরও উপস্থিত ছিলেন মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ এবং ক্রীড়ানুরাগী আল আমিন তালুকদারসহ বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।
উল্লেখ্য, ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, কাবাডি, দাবা, অ্যাথলেটিক্স, সাঁতার ও মার্শাল আর্টে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে। নিবন্ধন কার্যক্রম আগামী ২৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত চলবে।




