Skip to content
প্রকাশ- November 2, 2026 , 22:04 pm
অন্যান্য

ভাইস চেয়ারম্যান পদ ফিরে পেতে বিদেশি দূতাবাসে চিঠি

ভাইস চেয়ারম্যান পদ ফিরে পেতে বিদেশি দূতাবাসে চিঠি

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: মো. আবুসাঈদ গালিব
দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের অপসারিত মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নী আক্তার তাঁর পদ পুনর্বহালের দাবিতে বিভিন্ন বিদেশি দূতাবাসে চিঠি পাঠিয়েছেন। রোববার (৮ মার্চ) দেওয়ানগঞ্জ পোস্ট অফিস থেকে এসব চিঠি পাঠানো হয়।
জানা গেছে, তিনি ব্রিটিশ হাই কমিশন, আমেরিকান হাই কমিশন, ইউরোপীয় ইউনিয়নসহ ভারত, সৌদি আরব, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া ও কানাডাসহ মোট ১৩টি দেশের দূতাবাসে চিঠি পাঠিয়েছেন।
দূতাবাসে পাঠানো চিঠিতে মুন্নী আক্তার উল্লেখ করেন, ২০২৪ সালের ২১ মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচজন নারী প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ২৩ হাজার ৭৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনের সময় তিনি জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন—নির্বাচিত হলে তৃতীয় লিঙ্গের অবহেলিত মানুষদের জন্য বাসস্থান ও কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, যাতে তারা সমাজের বোঝা না হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে।
এছাড়া তিনি অসহায় ও অবহেলিত মা-বোনদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করার পাশাপাশি এলাকার রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের ১৯ আগস্ট অন্তর্বর্তী সরকারের এক নির্বাহী আদেশের মাধ্যমে তাকে পদচ্যুত করা হয়, যা জনগণের রায়কে অগ্রাহ্য করার শামিল এবং হাজার হাজার ভোটারের আমানতের অবমাননা।
মুন্নী আক্তার তাঁর চিঠিতে পুনরায় তাকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বহাল করে জনগণের সেবা করার এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

Advertisement
Advertisement