Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
অন্যান্য

মাদারগঞ্জে সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলতাফুর রহমান আতার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মাদারগঞ্জে সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলতাফুর রহমান আতার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মাদারগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের মাদারগঞ্জে সাবেক চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা আলতাফুর রহমান আতা’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার ভোর ৬টায় জামালপুরে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Advertisement

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বিকেল সাড়ে ৩টায় গুনেরবাড়ী মির্জা আজম কলেজ মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজা নামাজে মরহুমের স্মৃতিচারণ করেন তাঁর বড় ছেলে প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, জামাতা মোয়াজ্জেম হোসেন তোতা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লাঞ্জু, বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন আকন্দ, সাবেক জেলা কমান্ডার সুজাত আলী ফকির, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ খান, মির্জা আজম কলেজের সাবেক অধ্যক্ষ এ কে এম মুস্তাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক রেজাউল করিম, যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম খোকা, আদারভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আকবর আলী মিলিটারি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সিধুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাদল ভূইয়া, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওয়াহেদ আলী, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক খলিলুর রহমান ও মিজানুর রহমানসহ অনেকে।

এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসিল্যান্ড রাসেল দিও এবং মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে মরদেহে জাতীয় পতাকা অর্পণ ও ফুলেল শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।

বীরমুক্তিযোদ্ধা আলতাফুর রহমান আতা তিনবার নির্বাচিত হয়ে ৬ নং আদারভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ‘আলতাফুর রহমান আতা ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক প্রতিষ্ঠানও প্রতিষ্ঠা করেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবার।

Advertisement