মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নামাজ আদায় করতে গিয়ে অটোরিকশা চুরির ঘটনায় বিপাকে পড়েছেন এক চালক। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে তিনি এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।
ভুক্তভোগী মো. সোলাইমান (পিতা: মো. বদি মন্ডল) মাদারগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর গাবেরগ্রাম এলাকার বাসিন্দা। পাঁচ সদস্যের পরিবারের একমাত্র উপার্জনকারী তিনি। দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়েই পরিবারের ভরণপোষণ করে আসছিলেন।
জানা যায়, গত ৫ মার্চ ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে তিনি স্থানীয় একটি মসজিদে নামাজ আদায় করতে যান। নামাজ শেষে বাইরে এসে দেখেন, তার অটোরিকশাটি আর সেখানে নেই। পরে আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও গাড়িটির কোনো সন্ধান পাওয়া যায়নি।
অটোরিকশাটি ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস। হঠাৎ করে সেটি হারিয়ে যাওয়ায় তিনি আর্থিকভাবে চরম সংকটে পড়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী মো. সোলাইমান জানান, বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলে এ ধরনের চুরির ঘটনা অনেকটাই প্রতিরোধ করা সম্ভব হবে।




