মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে টানা পাঁচ দিন তেল সংকটের পর অবশেষে ফিলিং স্টেশনে তেল পাওয়ায় স্বস্তি ফিরেছে বাইক চালকদের মাঝে। সোমবার সরেজমিনে দেখা যায়, পৌর এলাকার দুটি ফিলিং স্টেশনের মধ্যে লাবনী ফিলিং স্টেশন এখনও বন্ধ রয়েছে, কারণ সেখানে তেলের গাড়ি পৌঁছায়নি।
তবে জুনাইল রোডের তুহিন মৌসুমি ফিলিং স্টেশনে রোববার সন্ধ্যায় তেলের গাড়ি পৌঁছানোর পর তেল নামানো হয়। পরে রাত ৯টা থেকে পুলিশের উপস্থিতিতে আগের নির্ধারিত দামেই তেল বিক্রি শুরু করে কর্তৃপক্ষ।
তেল পেয়ে স্বস্তির কথা জানান স্থানীয় কয়েকজন বাইক চালক। তারা বলেন, “প্রায় তিন দিন পর এসে তেল পেলাম। এর আগে কয়েকবার ঘুরেও তেল পাইনি। আজকে তেল পেয়ে খুব ভালো লাগছে।”
তুহিন মৌসুমি ফিলিং স্টেশনের কর্মচারী ইমরান জানান, তেল আসার পর থেকে সাধারণ ক্রেতাদের জন্য সীমিত পরিমাণে তেল দেওয়া হচ্ছে। তিনি বলেন, “আমরা এখন ২০০ টাকার সমপরিমাণ তেল দিচ্ছি আগের দামে। তবে খোলা বাজারের কাস্টমারদের পাইকারি তেল দেওয়া আপাতত বন্ধ রাখা হয়েছে।”
ফিলিং স্টেশনের ম্যানেজার আলি বলেন, “রোববার সন্ধ্যার পর তেলের গাড়ি আসে। তেল নামানোর পর পুলিশের উপস্থিতিতে প্রতি লিটার ১১৭ টাকা দরে তেল বিক্রি শুরু করা হয়েছে। একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার তেল নিতে পারছেন।”
দীর্ঘ কয়েকদিনের সংকটের পর তেল সরবরাহ শুরু হওয়ায় স্বস্তি ফিরলেও, সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভোগান্তি পুরোপুরি কাটবে না বলে মনে করছেন স্থানীয় চালকরা।




