স্টাফ রিপোর্টার:
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি। রোববার (১৯ এপ্রিল ২০২৬) বিকেল ৫টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনটির কেন্দ্রীয় নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি একটি ‘কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণের ওপর চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত’। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তেলের সংকটের কথা বলে হঠাৎ করে মূল্য বাড়ানো হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলবে।
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, সরকার কৃত্রিম সংকট তৈরি করে পরবর্তীতে মূল্যবৃদ্ধির মাধ্যমে জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, জনগণ একটি গণমুখী সরকার প্রত্যাশা করলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং বাজারে সিন্ডিকেট দমনে সরকারের ব্যর্থতার কথাও তুলে ধরেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সভাপতি তাহমিদ আল মুদ্দাসিসর চৌধুরী বলেন, সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে মতপ্রকাশের কারণে বিভিন্ন অ্যাক্টিভিস্টকে হয়রানি, গ্রেপ্তার ও মামলার মুখোমুখি হতে হচ্ছে। তিনি অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবি জানান।
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, সরকার সমালোচকদের দমন করতে ব্যস্ত থাকলেও বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে পারছে না। তারা সতর্ক করে বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করলে এর রাজনৈতিক পরিণতি ভোগ করতে হবে।
সমাবেশ থেকে দ্রুত জ্বালানি তেলের দাম কমানো এবং বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবি জানানো হয়।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ছাত্রশক্তির বিক্ষোভ
Oplus_131072




