স্টাফ রিপোর্টার:
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশের সাংবাদিকতার মানোন্নয়ন, প্রকৃত সাংবাদিকদের মর্যাদা নিশ্চিতকরণ এবং ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের জন্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও একটি অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
রোববার জাতীয় সংসদে বাগেরহাট-৪ আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, অবাধ তথ্যপ্রবাহের এই সময়ে সাংবাদিকতার গুণগত মান বজায় রাখতে বাংলাদেশ প্রেস কাউন্সিল এ উদ্যোগ নিয়েছে। পাশাপাশি ভুয়া সংবাদ ও অপপ্রচার প্রতিরোধে বিভিন্ন কর্মপরিকল্পনাও বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরও জানান, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মাধ্যমে সাংবাদিকদের জন্য এআই, ফ্যাক্ট-চেকিং, ন্যারেটিভ তৈরি এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হচ্ছে।
এছাড়া আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে সমন্বয় বাড়ানো, ফ্যাক্ট-চেকিং সংস্থাগুলোর সঙ্গে সভা-সেমিনার আয়োজন এবং গুজব প্রতিরোধে তথ্যবিবরণী প্রকাশসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, প্রেস কাউন্সিল আইনের আওতায় সাংবাদিকতা নীতিমালা লঙ্ঘনের অভিযোগ দায়েরের সুযোগ রয়েছে এবং বর্তমানে একাধিক অভিযোগ বিচারাধীন রয়েছে।
তিনি আরও জানান, সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর মাধ্যমে অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে ইতোমধ্যে এক হাজারের বেশি সাংবাদিক ও তাদের পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে এবং মেধাবী সন্তানদের বৃত্তিও প্রদান করা হয়েছে।
মন্ত্রী বলেন, গণমাধ্যমকে আরও শক্তিশালী ও সময়োপযোগী করতে প্রেস কাউন্সিল আইন সংশোধনের কাজও চলমান রয়েছে।
সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটাবেজ তৈরি হচ্ছে: তথ্যমন্ত্রী
Oplus_131072




