সাজ্জাদ হোসাইন শাহিন:
রেলের অনলাইন ভিত্তিক টিকিট কালোবাজারি রোধে বিশেষ অভিযানে জামালপুরে এক পেশাদার টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বেলা আনুমানিক ২টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর রেলওয়ে থানাধীন পিয়ারপুর রেলওয়ে স্টেশন এলাকায় ঢাকা রেলওয়ে জেলার অধীন জামালপুর রেলওয়ে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পিয়ারপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে মোঃ খোকন আলী (৩৪) নামে এক পেশাদার টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত শবদর আলীর ছেলে এবং খুকি বেগমের সন্তান। তার বাড়ি ময়মনসিংহ জেলার অস্টধার সেনপাড়া এলাকায়।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও তিস্তা এক্সপ্রেস ট্রেনের জামালপুর-ঢাকা রুটের মোট ৭টি আসনের ৩টি অনলাইন টিকিট এবং টিকিট বিক্রির কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি পরিচিত ব্যক্তিদের মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কাউন্টার ও অনলাইনে অগ্রিম ট্রেনের টিকিট সংগ্রহ করে নিজের কাছে সংরক্ষণ করতেন। পরে যাত্রীদের চাহিদা অনুযায়ী দ্বিগুণ দামে এসব টিকিট বিক্রি করতেন। এছাড়াও তিনি স্টেশনের বিভিন্ন স্থানে অবস্থান করে ঢাকাগামী যাত্রীদের কাছে টিকিট বিক্রি করার বিষয়টি স্বীকার করেছেন।
পুলিশ আরও জানায়, আসামির বিরুদ্ধে ময়মনসিংহ থানায় পূর্বে একটি মাদক সংক্রান্ত মামলাও রয়েছে।
এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম জানান, যাত্রীদের ভোগান্তি রোধ ও টিকিট কালোবাজারি নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




