পিরোজপুর প্রতিনিধিঃ-
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কৃতি সন্তান ও বিএনপির ত্যাগী নারী নেত্রী লায়ন আলিজা শারমিন মুন্নীকে নারী সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় এলাকাবাসী। স্থানীয় নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং দুঃসময়ে দলের পাশে থাকার স্বীকৃতি হিসেবেই তাঁকে মহিলা সাংসদ করা উচিত। এ দাবিতে এলাকায় আলোচনা, মতবিনিময় ও গণসমর্থন ক্রমেই জোরালো হচ্ছে।
এলাকাবাসী জানান, ছাত্রজীবন থেকে রাজনীতিতে যুক্ত হয়ে মুন্নী নিরবচ্ছিন্নভাবে বিএনপির রাজপথের আন্দোলনে অংশ নিয়েছেন। গ্রেপ্তার, কারাভোগ, নির্যাতন সবকিছু সহ্য করেও তিনি দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। একজন নারী নেত্রী হিসেবে রিমান্ডে নেওয়ার মতো কঠিন অভিজ্ঞতাও তাঁকে দমাতে পারেনি। ত্যাগ ও সাহসিকতার এই ইতিহাস তাঁকে অন্যদের থেকে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছে বলে মনে করেন স্থানীয়রা।
রাজনীতির পাশাপাশি স্বাস্থ্যখাত ও নারীর দক্ষতা উন্নয়নেও তাঁর অবদান তুলে ধরেন এলাকাবাসী। তারা বলেন, নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং স্বাবলম্বী করে তুলতে তাঁর নেওয়া উদ্যোগ ইতোমধ্যেই ইতিবাচক সাড়া ফেলেছে। সংসদে গেলে তিনি নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং তৃণমূল উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে পারবেন এমনটাই প্রত্যাশা সবার।
এ প্রেক্ষিতে বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ডের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণ। তাদের ভাষ্য, দুঃসময়ের পরীক্ষিত, ত্যাগী ও নিবেদিতপ্রাণ এই নেত্রীকে মূল্যায়ন করে নারী কোঠায় সাংসদ মনোনয়ন দেওয়া হলে তা হবে তৃণমূলের প্রত্যাশার প্রতিফলন। একই সঙ্গে এতে দল যেমন উপকৃত হবে, তেমনি অনুপ্রাণিত হবেন ত্যাগী নারী রাজনীতিকরাও।




