Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:18 pm
অন্যান্য

দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জের মানুষের প্রত্যাশা—মন্ত্রী হিসেবে দেখতে চান মিল্লাতকে

দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জের মানুষের প্রত্যাশা—মন্ত্রী হিসেবে দেখতে চান মিল্লাতকে

বিল্লাল হোসাইন, জামালপুর:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ের পর জামালপুর–১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতকে মন্ত্রী হিসেবে দেখতে চান এ আসনের সর্বস্তরের মানুষ। স্থানীয়দের প্রত্যাশা, তিনি মন্ত্রী হলে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার প্রধান সমস্যা নদীভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন এবং দীর্ঘদিন অবহেলিত অবকাঠামো উন্নয়ন ও সড়ক সংস্কার কার্যক্রম ত্বরান্বিত হবে।
এম রশিদুজ্জামান মিল্লাত বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ। তিনি ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার জামালপুর–১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সে সময় এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। ফলে দল–মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের কাছে তিনি গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি পান।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধানে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এম রশিদুজ্জামান মিল্লাত। এ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন; মিল্লাতের জনপ্রিয়তার কাছে অন্য প্রার্থীরা অনেকটাই পিছিয়ে পড়েন এবং তাদের মধ্যে তিনজনের জামানত বাজেয়াপ্ত হয়।
দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি সারোয়ার ই আলম বলেন, এম রশিদুজ্জামান মিল্লাত এ অঞ্চলের সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। তিনি অতীতে বিএনপির নিপীড়িত ও নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। এ কারণে শুধু দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ নয়, পুরো জামালপুর জেলার বিএনপির নেতাকর্মীদের হৃদয়ে তিনি স্থান করে নিয়েছেন। তিনি দাবি জানান, এলাকার মানুষের প্রত্যাশা পূরণে মিল্লাতকে মন্ত্রী করা হোক।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবিব পলিন বলেন, দীর্ঘদিন আওয়ামী লীগের দখলে থাকা আসনটি পুনরুদ্ধার করেছেন রশিদুজ্জামান মিল্লাত। ২০০১ সালে এমপি থাকাকালীন তার উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এবারের নির্বাচনেও তিনি সহজ জয় পেয়েছেন। জনগণের এখন একটাই দাবি—তাকে মন্ত্রী হিসেবে দেখতে চায় তারা।
নির্বাচনের ফলাফলে দেখা যায়, জামালপুর–১ আসনে এম রশিদুজ্জামান মিল্লাত পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৫৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী নাজমুল হক সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৭৮৩ ভোট।

Advertisement
Advertisement