Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:54 pm
অন্যান্য

বিএনপি প্রার্থীর প্রচারণায় আ.লীগ নেতার বক্তব্যে রাজনৈতিক আলোচনার ঝড়

বিএনপি প্রার্থীর প্রচারণায় আ.লীগ নেতার বক্তব্যে রাজনৈতিক আলোচনার ঝড়

Oplus_131072

মুক্তকাল ডেক্স:
ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে উপজেলা আওয়ামী লীগের এক নেতার বক্তব্য ঘিরে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
প্রচারণাকালে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী আতিয়ার রহমান রবি প্রকাশ্যে নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে বলেন, তিনি অতীতে আওয়ামী লীগে যুক্ত ছিলেন এবং বর্তমান বাস্তবতায় ধানের শীষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এটিকে সময়ের বাস্তবতা হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক সুবিধাবাদ বলে সমালোচনা করছেন।
শুক্রবার প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও নির্বাচনি প্রচারণা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভিডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর বিষয়টি ঘিরে আলোচনা আরও তীব্র হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও ঢাকায় অবস্থান করায় বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম উপস্থিত থাকতে পারেননি। তার পরিবর্তে সহধর্মিণী আনজুমান বানু স্থলাভিষিক্ত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বোয়ালমারী উপজেলা বিএনপি সহ-কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মৌসুমী, কেন্দ্রীয় ছাত্রদলের ক্রীড়া সম্পাদক বুরহান উদ্দিন খান সৈকত এবং বোয়ালমারী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসিবুজ্জামান শাহীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিষয়ে উপজেলা বিএনপির এক নেতা জানান, আওয়ামী লীগ নেতার এ ধরনের বক্তব্যে দল কিছুটা বিব্রত হয়েছে এবং প্রকাশ্য মঞ্চে এমন মন্তব্য করা সংগত ছিল না বলেও তিনি মন্তব্য করেন।

Advertisement
Advertisement