হৃদয় আহম্মেদ শাওন, স্টাফ রিপোর্টার:
জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের পৃথক দুটি মামলায় চারজন আসামিকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (সকাল) জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জামালপুর সদর উপজেলার বাসিন্দা নয়ন, আনোয়ার হাসেন, শাহনাজ পারভীন সুইটি এবং ইসলামপুর উপজেলার বাসিন্দা মোঃ ফরিদ খন্দকার।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে প্রাইভেট পড়তে যাওয়ার সময় পূর্বশত্রুতার জেরে ১২ বছর বয়সী এক কন্যাশিশুকে উলঙ্গ করে মারধর করেন নয়ন, আনোয়ার হোসেন ও শাহনাজ পারভীন সুইটি। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পিতা বাদী হয়ে জামালপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত প্রধান আসামি নয়নকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড ও ৭০ হাজার টাকা জরিমানা এবং অপর দুই আসামি আনোয়ার হোসেন ও শাহনাজ পারভীন সুইটিকে প্রত্যেককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেন।
অপরদিকে, ২০২৩ সালের ৬ মার্চ যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগে ইসলামপুর থানায় দায়ের করা মামলায় মোঃ ফরিদ খন্দকারকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, উভয় মামলায় আদায় করা জরিমানার অর্থ ভুক্তভোগীরা পাবেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষ।




