মুক্তকাল ডেক্স:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা ঘিরে দেশজুড়ে চলছে আলোচনা। এসব হলফনামায় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, পেশা ও সম্পদের বিবরণে উঠে এসেছে নানা বিস্ময়কর তথ্য, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।
ইশরাক হোসেন
ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ৬ কোটি ১৫ লাখ টাকা। নগদ ও ব্যাংক জমা মিলিয়ে তার রয়েছে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। কৃষি ও অকৃষি জমির মূল্য এক কোটি ৬২ লাখ টাকার বেশি। মরহুম সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন পেশা হিসেবে চাকরি ও ব্যবসা উল্লেখ করলেও শিক্ষাগত যোগ্যতার ঘরটি ফাঁকা রেখেছেন। তার বার্ষিক আয় ৬২ লাখ টাকা, যার প্রধান উৎস চাকরি, বাড়িভাড়া ও শেয়ার ব্যবসা।
আব্দুল হান্নান
ইশরাক হোসেনের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল হান্নান হলফনামায় উল্লেখ করেছেন, তার কোনো বাড়ি, ফ্ল্যাট কিংবা ঋণ নেই। নগদ সম্পদ প্রায় ১১ লাখ টাকা এবং অস্থাবর সম্পদের মূল্য ৪৮ লাখ টাকা। তার বিরুদ্ধে ২১টি মামলা রয়েছে। পেশায় তিনি শিক্ষক এবং শিক্ষাগত যোগ্যতা পিএইচডি। তার বার্ষিক আয় ৭ লাখ টাকা।
নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে জামায়াত জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পেশা মার্কেটিং কনসালট্যান্ট। চাকরি থেকে তার আয় প্রায় আড়াই লাখ টাকা। তার হাতে নগদ রয়েছে ২৫ লাখ টাকা এবং স্ত্রীর নামে ৫ লাখ টাকা। দুজনের অলঙ্কারের মূল্য ২২ লাখ টাকা। তার নিজের নামে কোনো বাড়ি বা অ্যাপার্টমেন্ট নেই। ব্যাংকে তার জমা মাত্র ৮ হাজার টাকা, আর স্ত্রীর নামে রয়েছে ৬ লাখ টাকার বেশি। সব মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা।
সাঈদ আল নোমান
চট্টগ্রাম-১০ আসনের বিএনপি প্রার্থী সাঈদ আল নোমানের অস্থাবর সম্পদের মূল্য প্রায় ২৪ কোটি টাকা এবং তার স্ত্রীর নামে রয়েছে সাড়ে তিন কোটি টাকার সম্পদ। এছাড়া তার রয়েছে ১০ কোটি ৮৩ লাখ টাকার স্থাবর সম্পদ। বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান হলফনামায় ব্যবসাকে পেশা হিসেবে উল্লেখ করেছেন এবং শিক্ষাগত যোগ্যতা এমফিল। তিনি ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের তথ্যও দিয়েছেন।
হুম্মাম কাদের চৌধুরী
চট্টগ্রাম-৭ আসনের বিএনপি প্রার্থী হুম্মাম কাদের চৌধুরীর তুলনায় তার স্ত্রীর সম্পদের পরিমাণ কয়েকগুণ বেশি। হুম্মামের নিজস্ব সম্পদ ৮৪ লাখ টাকা হলেও তার স্ত্রী শ্যামানজারের সম্পদের পরিমাণ ৪০ কোটি ৮৬ লাখ টাকার বেশি। মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম নিজেকে শিক্ষাগত যোগ্যতায় ‘স্বশিক্ষিত’ হিসেবে উল্লেখ করেছেন। পেশায় তিনি ও তার স্ত্রী ব্যবসায়ী। তার নামে কোনো মামলা বা বাড়ি নেই।
সারজিস আলম
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার মোট সম্পদের মূল্য ৩৩ লাখ ৭৩ হাজার টাকা। তার বিরুদ্ধে একটি তদন্তাধীন মামলা রয়েছে। ব্যবসা থেকে তার বার্ষিক আয় ৯ লাখ টাকা। তিনি শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতকোত্তর ডিগ্রি উল্লেখ করেছেন। তার নামে কোনো বাড়ি, গাড়ি কিংবা আগ্নেয়াস্ত্র নেই।
শাহ রিয়াজুল হান্নান
গাজীপুর-৪ আসনের বিএনপি প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের হলফনামা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ২০১৮ সালের নির্বাচনে তিনি নিজেকে এলএলবি পাস দাবি করলেও এবারের হলফনামায় নিজেকে ‘স্বশিক্ষিত’ হিসেবে উল্লেখ করেছেন। আইন বিশেষজ্ঞদের মতে, হলফনামায় ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রদান দণ্ডবিধির ১৮১ ও ১৯৩ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এতে প্রার্থিতা বাতিলসহ জেল-জরিমানার ঝুঁকি রয়েছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, প্রার্থীদের হলফনামায় দেওয়া তথ্য বর্তমানে যাচাই-বাছাইয়ের আওতায় রয়েছে। বড় ধরনের অসঙ্গতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়ন বাতিল হতে পারে।
শিক্ষাগত যোগ্যতা, পেশা ও সম্পদের চমকপ্রদ তথ্য




