সাজ্জাদ হোসাইন শাহিন, স্টাফ রিপোর্টার :
জামালপুরের মেলান্দহে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের রড়ের আঘাতে বড় ভাই মাসুদ (৩০) নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেলান্দহ পৌরসভার নয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ ওই এলাকার আমিনুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই হাসিবের সঙ্গে বড় ভাই মাসুদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাসিব লোহার রড় দিয়ে মাসুদের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




