Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:22 pm
অন্যান্য

পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় সাবেক পৌর কাউন্সিলর

পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় সাবেক পৌর কাউন্সিলর

সরিষাবাড়ী প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও স্ট্যাম্প ভেন্ডার সোহেল রানা পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাড়িঘরে নিজ ওয়ারিশদের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

Advertisement

ভুক্তভোগী সোহেল রানা (৫০) জানান, সরিষাবাড়ী পৌরসভার সামর্থবাড়ি গ্রামে তার বসতভিটা। দীর্ঘদিন ধরে নিজ ওয়ারিশ মিনা বেগম (৪০), রত্না খাতুন (৩৫) ও সুলতান মিয়াসহ (৫৫) কতিপয় প্রতিবেশি তাকে ফাঁসাতে ও হেয় করতে নানাভাবে অপতৎপরতা চালিয়ে আসছে। পারিবারিকসহ বিভিন্ন অভিযোগে আদালতে একাধিক মামলা দায়ের করার পর কতিপয় বিবাদী জেল হাজত বাস ও একাধিকবার মুচলেকা দিয়ে আসে। এছাড়াও দু’টি মামলা বিচারাধীন রয়েছে। এসব বিষয়ে কোনোভাবেই তারা না পেরে উঠায় নতুন চক্রান্ত শুরু করে।

গত শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে বিবাদীরা তার বাড়িতে হামলা চালায়। লাঠিসোটা, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে ঘরে ঢুকে আলমারিসহ বাড়িঘর ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এতে প্রায় ৭২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

এসময় হামলায় বাধা দিতে গেলে সোহেল রানাসহ তার পরিবারের কয়েকজন সদস্য আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী সোহেল রানা অভিযোগ করেন, পূর্বের বিরোধকে কেন্দ্র করে বিবাদীরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এসব বিষয়ে প্রশাসনের নিকট আশু পদক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাচ্চু মিয়া জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement