পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। ইতোমধ্যে নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে সরকার। তবে জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচনের রূপরেখা স্পষ্ট হবে।
বুধবার বিকালে রংপুরে একদিনের সফরে এসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাইদ চত্বরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিগত সময়ে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পর্যায়ে নির্বাচনে কারচুপি, ভোট কেন্দ্র দখল করা হয়েছে। যার কারণে এসব প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছিল; কিন্তু ইউনিয়ন পরিষদ পর্যায়ে ভেঙে দেওয়া হয়নি। কেননা স্থানীয় সরকার পরিচালনার জন্য যথেষ্ট জনবল নাই।
তবে জনভোগান্তির কথা মাথায় রেখে স্থানীয় সরকার পুনর্গঠন করে স্থানীয় সরকারের নির্বাচনটা আগে করা দরকার; কিন্তু রাজনৈতিক দলগুলো ঐকমত্য না থাকায় তা করা সম্ভব হয়নি। তবে বাজেট বৈষম্য নিরসনে সরকার কাজ করেছে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের স্মরণে ‘শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ’ পরিদর্শন শেষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইনডোর ও আউটডোর স্টেডিয়াম এবং যাতায়াত সমস্যার সমাধানে দুটি বাস প্রদানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন শিক্ষার্থীরা।
পরে বিকালে রংপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় ‘জুলাই ৩৬ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণে অংশ নেন তিনি।




