মো. আবুসাঈদ গালিব, দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। গত কয়েকদিন ধরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ খবিরুজ্জামান খান উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অসহায় ও নিম্নআয়ের মানুষের হাতে কম্বল তুলে দিচ্ছেন।
এ বিষয়ে মোহাম্মদ খবিরুজ্জামান খান বলেন, “প্রতিবছরের ন্যায় এ বছরও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হচ্ছে। তবে চলতি বছর কার্যক্রমটি কিছুটা ভিন্ন আয়োজনে বাস্তবায়ন করা হচ্ছে। প্রান্তিক পর্যায়ের কেউ যেন শীতবস্ত্র থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই মানুষের দ্বারে দ্বারে গিয়ে কম্বল বিতরণ করা হচ্ছে।”
ইতোমধ্যে উপজেলার মুচিপল্লী, বেদেপল্লী, হরিজনপল্লীসহ বিভিন্ন এলাকার নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ সম্পন্ন হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যেসব শীতার্ত মানুষ এখনো কম্বল পাননি এবং যাদের প্রয়োজন রয়েছে, তাদের জন্য এ কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে।




