Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:00 pm
অন্যান্য

হিলিতে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

হিলিতে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২

দিনাজপুরের হিলিতে চোর সন্দেহে বাবলু হোসেন (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেলে দিনাজপুরের হিলির দক্ষিণ বাসুদেবপুরের মালেপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে।

Advertisement

নিহত বাবলু হোসেন হিলির চুরিপট্টি এলাকার আবদুল খালেকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক।

আটকরা হলেন, উপজেলার জাংগই গ্রামের মিজানুর রহমানের স্ত্রী লিনা পারভীন এবং দক্ষিণ বাসুদেবপুর এলাকার হাতেম আলীর ছেলে জিয়া মন্ডল।

স্থানীয় গ্রামবাসী জানান, গত শুক্রবার (১১ জুলাই) দক্ষিন বাসুদেবপুর মালেপাড়া গ্রামের আব্দুল গণির ছেলে রাব্বি হোসেন একটি অনুষ্ঠানে যোগ দিতে তার বাড়িতে তালা মেরে বেড়িয়ে যান। এই সুযোগে দুপুরের দিকে কে বা কাহারা সেই রাব্বির বাড়িতে ঢুকে স্বর্ণের গহনা, নগদ টাকা চুরি করে পালিয়ে যায়। পরে রাব্বি বাড়িতে এসে চুরির ঘটনা জানতে পেরে বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে চুরির সাথে সম্পৃক্ত বিজয় কর্মকার নামের একজনকে শনাক্ত করে।

পরে তার দেওয়া তথ্যমতে চুরিপট্টি এলাকা থেকে বাবলুকে রাব্বি ধরে বাড়িতে এনে বেদম মারধর করে। মারধরে একপর্যায়ে বাবলু মারা যায়। নিহত বাবলুর ৭ ও ৫ বছরের দুটি সন্তান রয়েছে।

এদিকে বাবলুর নিহতের খবর তার পরিবারসহ স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে লোকজন উত্তেজিত হয়ে রাব্বির বাড়িতে হামলা চালায় ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ঘটনার পর অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছে। রাব্বী পালিয়ে গেছে, তবে এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.