Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:58 pm
অন্যান্য

সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, এলাকায় উত্তেজনা

সরিষাবাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, এলাকায় উত্তেজনা

কবীর আহমেদ
সরিষাবাড়ী প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় স্থানীয় বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

Advertisement

শনিবার (১৬ মে) সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিন্ন্যাফৈর নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিন্ন্যাফৈর নতুন বাজারে ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য দলীয় সিদ্ধান্তে একটি কার্যালয় স্থাপন করা হয়। চলতি বোরো মৌসুমে ধান কাটার ব্যস্ততার কারণে গত তিন দিন ধরে কার্যালয়টি বন্ধ ছিল।

শনিবার সকালে সুলতান ভূঁইঞা নামে এক ব্যক্তি ওষুধ কেনার উদ্দেশ্যে বাজারে এসে বিএনপি কার্যালয়ের বাইরের তালা খোলা দেখতে পান। পরে সন্দেহ হলে তিনি ভেতরে গিয়ে দেখেন, কার্যালয়ের ব্যানার, ফেস্টুন, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে গেছে।

খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে জড়ো হন। পরে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আ. মজিদ এবং পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন এক যৌথ বিবৃতিতে বলেন, “এটি পরিকল্পিত নাশকতা। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
তবে এ ঘটনায় এখনো কাউকে শনাক্ত করা যায়নি।

সরিষাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

Advertisement